অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আশাবাদী মন্ত্রী
ডাকসু নির্বাচন হওয়ায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন নিয়ে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, “ডাকসু নির্বাচন প্রায় ২৮ বছর পরে হল। আমরা আশা করছি, আমাদের সকল বিশ্ববিদ্যালয় এবং যে কলেজগুলো আছে সেখানেও পর্যায়ক্রমে নির্বাচনে ছাত্র সংসদগুলো গঠিত হবে।”
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কেবিনেট নির্বাচনের প্রসঙ্গ তুলে দীপু মনি বলেন, “আমাদের কলেজগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে হওয়া তো অত্যন্ত জরুরি।”
২৮ বছর পর গত সোমবার ডাকসু নির্বাচনে ভোট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
“যেহেতু এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা কারও উপর নিশ্চয় চাপিয়ে দিতে চাই না। আমরা চাই, একটি সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই গণতান্ত্রিক চর্চাটি হোক।… যেহেতু ডাকসু হয়েছে, আমি আশা করি বাকিগুলো নিশ্চয়ই হবে।”
শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
