২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একজন শিক্ষার্থীর ভোটাধিকার হরণও গ্রহণযোগ্য নয়: লিটন নন্দী

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নতুন তফসিল দাবি করে বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেছেন, যে ফলাফল ঘোষিত হয়েছে তা নিয়ে নতুন করে ভাবার কোনো সুযোগ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 03:25 PM

Updated : 08 Apr 2022, 03:56 PM

অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে ডাকসু নির্বাচনে পুনঃতফসিলের দাবিতে ক্যাম্পাসে মঙ্গলবার বাম জোট সমর্থিত ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন তিনি।

লিটন নন্দী বলেন, “যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে এটা কেউ প্রত্যাশা করেনি, গতকালই আমরা ফলাফল চাইনি। ফলাফল যাই হোক না কেন এটা নিয়ে নতুন করে ভাবার সুযোগ নেই।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ভোটাধিকারও যদি হরণ করা হয়, এটা গ্রহণযোগ্য নয় আমাদের কাছে।”

তিনি জানান, মঙ্গলবারের মধ্যেই প্ল্যাটফর্ম ঘোষণা করে আগামীদিনের কর্মসূচি জানিয়ে দেবেন তারা।

অনিয়মের অভিযোগ এবং অধিকাংশ প্যানেলের বর্জনের মধ্যে সোমবার ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন হয়।

ডাকসুতে ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া সবগুলো পদেই জয়ী হন সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের প্রার্থীরা। ভিপি পদে জয়ী হন কোটা সংস্কার আন্দোলনকারীদের মোর্চা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নূরুল হক নূর।

ডাকসু ভিপি পদ হাতছাড়া হওয়ায় ওই পদে নতুন করে নির্বাচনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছে ছাত্রলীগ।

অন্যদিকে বাম জোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের দুই জোটসহ ভোট বর্জনকারী প্যানেলগুলোর ডাকে বিশ্ববিদ্যালয়ে চলছে ক্লাস বর্জন কর্মসূচি।

এর মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা সকালে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করেছে। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে টিএসসিতে সমাবেশ করেছে স্বতন্ত্র প্যানেলের প্রার্থী-সমথর্কদের একাংশ।

সকাল ১১টা থেকে বাম জোটের নেতাকর্মীরা টিএসসিতে তারা অবস্থান নিয়ে ‘জালিয়াতির নির্বাচন মানি না, মানব না’ স্লোগান দিতে থাকেন। তারা ডাকসু নির্বাচন বাতিল ও পুনঃতফসিলের দাবিও জানান। সেখানে বিক্ষোভে নেতৃত্বে দেন লিটন নন্দী। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।

তবে এই বিক্ষোভ কর্মসূচিতে দেখা যায়নি কোটা আন্দোলনকারীদের প্যানেল ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কাউকে।

সুস্থ আছেন নূর

সোমবার ভোটের দিন রোকেয়া হলে হামলার শিকার ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নূরু বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন এই প্যানেল থেকে জিএস পদে লড়াই করা রাশেদ খান।

মঙ্গলবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নূরু এখন সুস্থ আছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি ক্যাম্পাসে আসবেন। আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব পরবর্তীতে কি করব।”

সোমবার ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ছাত্রলীগ বাদে অন্য প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেছিলেন, ভোটগ্রহণ শুরুর আগে তাদের খালি ব্যালট বাক্স দেখানো হয়নি। আর তিনটি ব্যালট বাক্সের হদিস তারা পাননি।

দুপুরে হলের ভোটগ্রহণ কক্ষের পেছনে আরেকটি কক্ষে ব্যালট পেপার বোঝাই ট্রাংক পাওয়া গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কারচুপির অভিযোগ এনে তা ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় ভোটগ্রহণ বন্ধ থাকে তিন ঘণ্টা।

রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ফারহানা ফেরদৌসী জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২ হাজার ৬০৭টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। তার দাবি, ওইসব ব্যালটে কোনো চিহ্ন দেওয়া ছিল না, কারচুপির কোনো ঘটনাও সেখানে ঘটেনি।

ওই সময় ডাকসুর সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের প্রার্থী গোলাম রাব্বানীর উপস্থিতিতে সেখানে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নূরের উপর হামলা হয় বলেও অভিযোগ ওঠে।