ডাকাতিয়া নদী দখলমুক্ত করার দাবিতে রায়পুরে মানববন্ধন
‘দখল ও দূষণ মুক্ত প্রবাহমান ডাকাতিয়া নদী, বাঁচবে প্রাণ বাঁচবে প্রকৃতি’ স্লোগানে ডাকাতিয়া পুনরুদ্ধারে লক্ষীপুরে মানববন্ধন করেছে পরিবেশবাদী দুটি সংগঠন।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন ও রিভারাইন পিপল।
রায়পুর থেকে হাজীমারা পর্যন্ত ডাকাতিয়া নদী দখল মুক্ত করে পুনরায় নৌপথ চালুর দাবি জানায় তারা।
মানববন্ধনে উদ্বেগ প্রকাশ করে ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন রায়পুর উপজেলার কমিটির আহ্বায়ক আযম খান বলেন, “এক কালের খরস্রোতা ডাকাতিয়া নদী দখল ও দূষণের কারণে প্রায় মৃত নদীতে পরিণত হয়েছে।
“এই অবস্থা অব্যাহত থাকলে পরিবেশ বিপর্যয়ের শিকারে পরিণত হবে ডাকাতিয়া বিধৌত অঞ্চলের লাখ লাখ মানুষ।”
রায়পুর উপজেলা একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র ছিল বলে উল্লেখ করেন মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা।
ঢাকার সঙ্গে ২০০১ সাল পর্যন্ত এই এলাকার নৌ-যোগাযোগ ব্যবস্থা চালু ছিল বলে জানান মানববন্ধনের বক্তারা।
এলাকাবাসীর অভিযোগ, গত ১৯ বছর থেকে ‘নদীখেকো কিছু মানুষের’ কারণে নৌপথটি বন্ধ রয়েছে।
এই কর্মসূচি নিয়ে আয়োজক রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের নদী রক্ষায় যত আন্দোলন হয়েছে ও হচ্ছে এর মধ্যে ডাকাতিয়া সুরক্ষা আন্দোলনের কার্যক্রম সম্ভবত সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ।
“ডাকাতিয়া সুরক্ষায় অতীতে সেমিনার হয়েছে, বইমেলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়েছে। গবেষণার কাজও হয়েছে। এবার আয়োজিত হলো মানববন্ধন।”
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার ঢালী, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠন সুহৃদের সম্পাদক সুমন মনির, সমাজকর্মী মামুনুর রশীদ, দোলন কুরি, রায়পুর ফ্রেন্ডস ফোরামের ওয়াহীদুর রহমান মুরাদ, ছাত্রনেতা মাহবুবুর রহমান রিজভী, তানভীর আহমেদ প্রমুখ।
