ধোবাউড়ায় যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
একাত্তরে ময়মনসিংহের ধোবাউড়ায় অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের এক মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মামলার পাঁচ আসামিই ময়মনসিংহের ধোবাউড়ার। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এই ধোবাউড়াতেই আসামিরা অপরাধ সংঘটিত করেন, তখন এটি ছিল হালুয়াঘাট থানার অধীনে।
পাঁচ আসামির প্রত্যেকেই বিএনপির রাজনীতি করেন; আসামিদের মধ্যে দুজন পলাতক থাকায় তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি তদন্ত সংস্থা।
গ্রেপ্তার তিন আসামি হলেন-ধোবাউড়া পশ্চিম বালীগাঁও গ্রামের মো. কিতাব আলী ফকির (৮৫), মো. জনাব আলী (৬৮) ও মো. আব্দুল কুদ্দুছ (৬২)।
রোববার দুপুরে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম ছাড়াও তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে মনোয়ারা বেগম বলেন, মূল তদন্ত প্রতিবেদনটি ৫০ পৃষ্ঠার। এর সাথে অপরাধের বর্ণনা, সাক্ষীদের জবানবন্দি ও মামলা সংশ্লিষ্ট ৮৩ পৃষ্ঠার নথিপত্র রয়েছে।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৩০ মে ও ৯ সেপ্টেম্বর আসামিরা ধোবাউড়ার বালিগাঁও ও তারাইকান্দি গ্রামে অপরাধ সংঘটিত করে।
“এই সময়কালে তারা অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও দেশান্তর করার মতো মানবতাবিরোধী অপরাধ করে। আর এসব অপরাধে আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে তদন্ত প্রতিবেদনে।”
২০১৭ সালের ৬ অগাস্ট তদন্ত শুরুর পর তা শেষ হয় চলতি মাসের ৭ মার্চ। এ সময়কালে সাক্ষী হিসেবে ৪০ জনের জবানবন্দি গ্রহণ করা হলেও তদন্তকারী কর্মকর্তাসহ ২৫ জনকে সাক্ষী করা হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা মনোয়ারা বেগম।
সংস্থার প্রধান সমন্বয়ক হান্নান খান আসামিদের পারিবারিক-সামাজিক ও রাজনৈতিক পরিচিতি তুলে ধরে বলেন, “আসামিদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধের সময় আসামিরা রাজাকার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার ও পাকবাহিনীকে সহযোগিতা করে মানবতাবিরোধী অপরাধ করেন।”
তিনি বলেন, “তদন্তকালে তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হলেও দুজন এখনও গ্রেপ্তার হয়নি। পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থেই তাদের নাম-ঠিকানা-পরিচিতি আমরা প্রকাশ করছি না।”
এটি তদন্ত সংস্থার ৬৮তম তদন্ত প্রতিবেদন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
অভিযোগ-১:
ময়মনসিংহের ধোবাউড়ার বালিগাঁও গ্রামের মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী হাতেম আলী ওরফে গেন্দা মুক্তিযুদ্ধে যোগ দিতে ১৯৭১ সালের ৩০ মে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে আসামিরা তার বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা হাতেম আলীকে আটক করে বাড়ির উঠানে এনে অমানুষিক নির্যাতন করে। হাতেম আলীর দুই স্ত্রী তাকে রক্ষা করতে এলে আসামিরা তিনজনকে গাছের সাথে বেঁধে বাড়ির জিনিসপত্র লুট করে।
পরে তিনজনকেই ঘরে বন্দি করে বাইরে থেকে তালা দিয়ে আসামিরা চলে যায়। ভারতের শিববাড়ির মুক্তিযোদ্ধা ক্যাম্পে এ খবর পৌঁছালে মুক্তিযোদ্ধারা হাতেম আলীকে উদ্ধার করে। পরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে দেশত্যাগ করে ভারতে চলে যান।
দেশত্যাগের এ খবর পেয়ে আসামিরা হাতেম আলীর বাড়ি-ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
অভিযোগ-২:
১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর আসামিরা সশস্ত্র রাজাকার ও পাকিস্তানি দখলদার বাহিনী নিয়ে ধোবাউড়ার তারাইকান্দি গ্রামের মুক্তিযোদ্ধাদের সহযোগী, আশ্রয়দাতা শহীদ নূর মোহাম্মদ হোসেন আকন্দের বাড়িতে হামলা চালিয়ে আকন্দসহ তার দুই স্ত্রীকে হত্যা ও নাতি বৌকে ধর্ষণের পর হত্যা করে।
এরপর আসামিরা একই গ্রামের মো. ইছহাক আলী, মো. জমসেদ আলী (গুনা), মো. আব্দুর রাজ্জাক, মো. আব্দুল হেকিম ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের মো. সিরাজ আলী, মো. হাইদার আলী, মো. আব্দুল লতিফ, মো. মীর কাশেম, মো. রমজান আলী ও অজ্ঞাত ২৮ জনসহ মোট ৪১ জনকে অপহরণ, আটক, নির্যাতনের পর ৪৫ জনকে গুলি করে হত্যা করে।
এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষে ও মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সহযোগিতাকারী হিসেবে চিহ্নিত তারাইকান্দি গ্রামের মাহমুদ হোসেন আকন্দ ও মিয়া হোসেন আকন্দের বাড়িতে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র লুট ও লুটের পর জ্বালিয়ে দেয়।
