প্রতিবন্ধিতা ডিঙিয়ে ছাত্রদের কষ্ট লাঘবের স্বপ্ন তাদের
প্রতিনিয়ত বাধা উপেক্ষা করেই তাদের এগিয়ে চলা, নিজেদের প্রতিবন্ধকতা জয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের অধিকার আদায়েও এবার কাজ করতে চাইছেন তারা।
শিক্ষার্থী অধিকারের পক্ষে সোচ্চার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রতিবন্ধী শিক্ষার্থী।
অন্য ৭৩১ জন প্রার্থীর মতো তারাও ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও তাদের নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে।
সাদাছড়ি কিংবা অন্যের হাত ধরে পথ চললেও ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলনে সরব উপস্থিতি ছিল দৃষ্টি প্রতিবন্ধী আমজাদ হোসেনের।
তারই ধারাবাহিকতায় বাম ছাত্র সংগঠনগুলোর ‘প্রগতিশীল ছাত্র ঐক্যের প্যানেল’ থেকে ডাকসুতে সদস্য প্রার্থী করা হয়েছে বাংলা বিভাগের এই শিক্ষার্থীকে।
বৃহস্পতিবার এক বন্ধুর হাত ধরে ক্যাম্পাসে লিফলেট বিতরণের সময় কথা হয় আমজাদের সঙ্গে, শিক্ষার্থীদের আগ্রহ তৈরি হওয়ায় ব্যাপক আশাবাদী তিনি।
মাস্টার দা সূর্যসেন হলের এই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম। তাদের জন্যই কাজ করতে চাই, তাদের কথা বলতে চাই- সে কারণে প্রার্থী হয়েছি।”
আমজাদ হোসেন বলেন, “ক্যাম্পাসে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। চলাচলের সমস্যা, শিক্ষা উপকরণে প্রবেশগম্যতা ও আমাদের বিষয়ে অনেক কথা কাগজে-কলমে আছে, বাস্তবে নাই- আমরা সেগুলোর বাস্তবায়ন করতে চাই।”
ভোটের প্রচারের অংশ হিসাবে ফেইসবুক লাইভে এসে শিক্ষার্থীদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এই কর্মী।
যোশীয় সাংমা চিবল
ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুতে সদস্য প্রার্থী করা হয়েছে চিবলকে; মনোনয়ন পাওয়ার থেকেই প্রতিদিনই তিনি ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়।
শিক্ষার্থীদের জন্য কাজের প্রতিশ্রুতি দিয়ে চিবল সাংমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি একই সঙ্গে আদিবাসী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের কণ্ঠ এখানে। আমার দায়িত্ব অনেক বেড়ে গেল।”
তিনি বলেন, নির্বাচিত হলে একটি আদিবাসী শিক্ষার্থী কেন্দ্র বা ক্লাব করার পরিকল্পনা আছে তার, যেখানে আদিবাসী শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবে।
“প্রত্যেকটি একাডেমিক ভবন ও হলে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করা, র্যাম্প-লিফটসহ সব কিছু যাতে থাকে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও তাদের ভলান্টিয়ার দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাবনা আমি দিচ্ছি।”
সূর্যসেন হল সংসদে প্রগতিশীল ছাত্রঐক্যের প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী করা হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী শওকত হোসেনকে।
শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার বিষয়ে দারুণ আশাবাদী ইসলামিক স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থী।
শওকত হোসেন
আবাসন, খাবার, শিক্ষা উপকরণ নিশ্চিত করাসহ সাধারণ শিক্ষার্থীদের সব অধিকার নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
ডাকসুতে স্বতন্ত্র হিসাবে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেক প্রতিবন্ধী শিক্ষার্থী রুবেল মিয়া। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে রুবেল বলেন, “হয়ত চোখে দেখতে পাই না, তবুও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর কষ্টটা অনুধাবন করতে পারি। সেই কষ্ট থেকেই ভালো কিছু করব, এমন ইচ্ছে আমার অনেক দিন থেকে। ভালো কিছু করতে চাইলেও মাধ্যমের দরকার পড়ে। সেই মাধ্যমটা হলো ডাকসু নির্বাচন।”
রুবেল মিয়া
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রুবেলের একটি কবিতার বই বেরিয়েছে, নাম ‘ভালোবাসার এক টুকরো উপহার’।
দৃষ্টি প্রতিবন্ধী শাহীন আলমকে ডাকসুতে সাহিত্য সম্পাদক পদে প্রার্থী করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
আবুল হোসেনের পোস্টার
