২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ই মার্চের ভাষণ বিশ্ব সম্পত্তি: শেখ হাসিনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ সারা বিশ্বের সম্পত্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2019, 10:40 PM

Updated : 10 Oct 2022, 08:58 PM

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, “মানুষ এখনো এই ভাষণ শুনলে উদ্বুদ্ধ হয়। বিশ্ব প্রামাণ্য দলিল। এই ভাষণ ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে গেছে।

“এ ভাষণ আজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সম্পত্তিতে পরিণত হয়েছে। এ ভাষণের মধ্য দিয়ে জাতির পিতা অসহযোগের ডাক দিয়েছিলেন। ঐক্যদ্ধ করে সশস্ত্র যুদ্ধের পথে নিয়ে যান। এ ভাষণে যুদ্ধের প্রস্তুতিসহ প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা ছিল। খুব সাধারণভাবে নিজের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন বঙ্গবন্ধু। মানুষ তা গ্রহণ করেছিল।”

শেখ হাসিনা বলেন, “ওই ভাষণে সুকৌশলে জাতির পিতা নির্দেশনা দিয়েছিলেন। যে কারণে পাকিস্তানিরা বিচ্ছিন্নতাবাদী অপবাদ দিতে পারেনি। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছিল।”

মুক্তিযুদ্ধ শুরুর কয়েক দিন আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ওই জনসভায় যোগ দিয়েছিলেন সারা দেশের মুক্তিকামী বাঙালি।

সেই ঘটনা স্মরণ করে বঙ্গবন্ধুকন্যা হাসিনা বলেন, “৭ মার্চের জনসভার কথা কাউকে বলতে হয়নি। বিভিন্ন অঞ্চল থেকে যে যেভাবে পেরেছে সবাই ছুটে এসেছে। তারা এসেছিল নির্দেশ নিতে। সবাই তৈরি হয়ে এসেছিলেন। এই ভাষণে একদিকে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তেমনি যুদ্ধের প্রস্তুতি নেওয়ারও নির্দেশনা দিয়েছিলেন।

“এই ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল জাতির পিতাকে হত্যা করার পর। বহু নেতা–কর্মী এ ভাষণ বাজাতে গিয়ে হামলার শিকার হয়েছেন, হতাহত হয়েছেন। এমন ভাষণ নেই যা বছরের পর বছর মানুষ শুনছে। এখনো আবেদন প্রবল।”

অনির্ধারিত এই আলোচনায় অন্যদের মধ্যে আরও অংশ নেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, গণফোরামের সুলতান মোহম্মদ মনসুর, বাংলাদেশ জাসদের মইন উদ্দীন খান বাদল প্রমুখ।