রাষ্ট্রপতির সঙ্গে সৌদি প্রতিনিধিদের সাক্ষাৎ
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী সৌদি আরব।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশ সফররত সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাভি এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ বিন মাজিদ আল-তাওজরি।
বৃহস্পতিবার বিকেলে নয় সদস্যের সৌদি প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, সৌদি প্রতিনিধি দলের এই সফর দুই দেশের্ বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দুই দেশের বিদ্যমান ঐতিহ্যগত সম্পর্ক অংশিদারিত্বের সম্পর্কে রূপ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ওই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দরজা খুলে দিয়েছে।
প্রধানমন্ত্রীর ওই সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তির কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ওই সমঝোতা ও চুক্তি বাস্তবায়নে আগ্রহী। চুক্তি বাস্তবায়ন হলে দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়বে।
সাক্ষাতের সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খুঁজে বের করতে একটি ‘টিম’ গঠন করেছেন।
আর্থ-সামাজিক খাতে বাংলাদেশ ‘অভাবনীয়’ উন্নয়ন করছে মন্তব্য করে প্রতিনিধি দল জানায়, ওষুধ ও কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল।
প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
