রাষ্ট্রপতির কাছে রিভা গাঙ্গুলীর পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজেদের পরিচয়পত্র দিয়েছেন বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।
বৃহস্পতিবার তার পাশাপাশি ইতালির নতুন রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাও রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক রাখার ওপর জোর দেয়।”
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বাণিজ্য-বিনিয়োগ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে সবসময় জোর দেয়।
তিনি আশা করেন দূতদের কর্মকালে তাদের নিজ নিজ দেশের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
ভারতীয় হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সমর্থনে ও সহযোগিতার জন্য ভারতের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে এই সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”
সড়ক, নৌ ও আকাশপথে কানেক্টিটভিটির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উপর ভিত্তি করে এই যোগাযোগ দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
প্রেস সচিব বলেন, নতুন ভারতীয় দূত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আর্থ-সামাজিক, যোগাযোগ ও অবকাঠামো খাতসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের উচ্চ প্রশংসা করেন।
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় রাষ্ট্রপতি বাংলাদেশে বিনিয়োগের অনেক ক্ষেত্র আছে উল্লেখ করে রাষ্ট্রপতি ইতালিকে এখানে বিনিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশ-ইতালির সম্পর্ক চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন, এই সম্পর্ক সামনের দিনগুলোতে নতুন উচ্চতায় যাবে।
দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে তাদের গার্ড অব অর্ডার দেয়।
এদিন তানজানিয়া, আজারবাইজান ও উজবেকিস্তানের নতুন রাষ্ট্রদূতরাও বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেন।
