বাংলাদেশের সঙ্গে ‘নতুন অধ্যায়’ দেখছেন সৌদি প্রতিনিধিরা
সফররত সৌদি আরবের প্রতিনিধি দলের প্রধান মাজিদ বিন আব্দুল্লাহ আল কোসাইবি বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কে ‘নতুন অধ্যায়ের’ সূচনার লক্ষ্য নিয়ে এসেছেন তারা।
মধ্যরাতে ঢাকা আসার পর বৃহস্পতিবার সকালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সংলাপে একথা বলেন সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী মাজিদ।
৫২ সদস্যের প্রতিনিধি দল আসার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, আলোচনা ও যোগাযোগ বৃদ্ধি এবং একটি নতুন অধ্যায় সূচনার বিষয়ে আমরা যে আন্তরিক তারই প্রমাণ আমাদের প্রতিনিধি দলের বিশালত্ব।”
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশকে ‘সত্যিকার এশিয়ার বাঘ’ বলে অভিহিত করেন বলে জানান তিনি।
প্রতিনিধি দলে সৌদির অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ বিন মেজয়েদ আলতাইজরি, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিনিধি এবং দেশটির শীর্ষস্থানীয় ১৭টি ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধিরা রয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সৌদি আরবের এত বড় প্রতিনিধি দল আসা এই প্রথম।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এবং প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও সংলাপের উদ্বোধনীতে বক্তব্য দেন।
সৌদির বাণিজ্যমন্ত্রী বলেন, “আমি আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা এখানে এসেছি সহযোগিতা বৃদ্ধি, বিভিন্ন খাতে এগোনো, আপনাদের কথা শোনা এবং সহযোগিতার নতুন নতুন সুযোগগুলো বের করতে। আমরা এখানে এসেছি সংলাপ শুরু করতে এবং রিয়াদে পরবর্তী ধাপের সংলাপে আপনাদের আমন্ত্রণ জানাতে।”
দুই দেশের সরকারি পর্যায়ের পাশাপাশি সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে যেসব কাজ করা যায়, সেগুলো তারা খুঁজে বের করতে চান বলে জানান এই সৌদি মন্ত্রী।
বাংলাদেশের অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আমরা বাংলাদেশের উপর আস্থা রাখি। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব রয়েছে।”
সৌদি আরবে কর্মরত ২০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক অংশীদার হিসেবে তাদের দেশ গঠনে ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি।
“১৪০ কোটি ডলারের বাণিজ্য সীমিত এবং তাতে আমাদের দুই দেশের সম্পর্ক ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না।”
বাংলাদেশ-সৌদি আরব বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব করেন তিনি।
সৌদি মন্ত্রী বলেন, “আমরা ২০৩০ সাল নাগাদ ভিশন ঠিক করেছি। বাংলাদেশ করেছে ভিশন ২০২১ ও ২০৪১। দিন শেষে এই ভিশন একটাই বার্তা দেয়, আমাদের উভয়কেই কাজ করতে হবে এবং উভয়পক্ষের স্বার্থের দিকগুলো বের করতে হবে যাতে একে অপরের উপকারে আসবে।”
অর্থমন্ত্রী মুস্তাফা কামাল বলেন, এই সংলাপ থেকে উভয়পক্ষের জন্য ফলপ্রসূ সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের জনগণ।
এই সফর ভ্রাতৃপ্রতীম দুই দেশের উষ্ণ, গভীর ও সময়ের পরীক্ষিত সম্পর্কের প্রতিফলন।
গত বছর সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের থেকে বাংলাদেশে ২৬০ কোটি ডলার রেমিটেন্স এসেছে, যা মোট রেমিটেন্সের ১৮ শতাংশ।
