২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ ঘণ্টা পর মিলল সোহাগের লাশ

রাজধানীর কড়াইল বস্তির পাশে গুলশান লেকে ডুবে যাওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর কিশোর সোহাগের লাশ খুঁজে পেয়েছেন ডুবুরিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2019, 04:54 PM

Updated : 08 Apr 2022, 03:55 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, বুধবার বেলা ১টা ৫ মিনিটের দিকে লেকের পানি থেকে ১৬ বছর বয়সী ওই কিশোরের লাশ উদ্ধার করেন তারা।

বনানী থানার এসআই আফজাল হোসেন জানান, বস্তিবাসী কয়েকজন কিশোর সোমবার রাত ১০টার দিকে লেকের পাড়ে অন্ধকারে বসে ছিল।

“বস্তিবাসীদের একজন ‘কে রে ওখানে’ বলে চিৎকার দিলে তারা দৌড় দেয়। তাদের মধ্যে সোহাগ পানিতে লাফ দেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।”

ফায়ার সার্ভিসের ডুবুরিরা মঙ্গলবার সারা দিন লেকে তল্লাশি চালিয়ে সন্ধ্যায় অভিযান স্থগিত করে। বুধবার সকালে আবার তাদের তল্লাশি শুরু হয়।

কড়াইল বস্তির বাসিন্দা মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহাগ ভাঙারি কুড়িয়ে বেড়ায়, নেশাও করে।

“ঘটনার রাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বস্তির অনেকেই সোহাগকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে, কিন্তু পাওয়া যায়নি।”