পরিবেশকে ‘সাথে রেখে’ উন্নয়ন পরিকল্পনা করুন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নিয়ে তা দ্রুত বাস্তবায়নে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৫৯তম সম্মেলনের সমাপনী পর্বে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “পরিবেশের সুরক্ষার কথা বিবেচনায় রেখেই উন্নয়ন পরিকল্পনা করতে হবে। সরকার উন্নয়নের যে মহাপরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে তা বাস্তবায়নের আগ্রদূত প্রকৌশলীরা। সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে মোতাবেক অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নিয়ে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
“২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা সরকার। আর সে কাজগুলো দক্ষহাতে বাস্তবায়নে বড় ভূমিকা পালন করতে হবে প্রকৌশলীদের। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে আমরা সব ক্ষেত্রে স্বনির্ভর হতে চাই। দেশের যোগ্য প্রকৌশলী থাকলে বাইরের প্রকৌশলী এনে কাজ করাবো না। যেটা এখন অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে করাতে হচ্ছে।”
আইইবির প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আবদুস সবুর সেমিনারে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ।
