২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে ডাকাতির একটি চক্র ঢাকায় গ্রেপ্তার

ঢাকার দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যারা সড়কে গাড়িতে ডাকাতি চালিয়ে আসছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 12:19 AM

Updated : 18 Aug 2022, 04:57 PM

র‌্যাব-১ রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এরা হলেন- আসলাম আলম স্বাধীন (২৫), আশরাফুল ইসলাম সনি ওরফে বিশু (২৬), মো. রবিন (২৫), শামীম ইসলাম (২২), নাজমুল হাসান (২১), নিজামউদ্দিন অপু (২৫), মিজানুর রহমান (২৩), তাইমুল ইসলাম (১৯) ও মো. মামুন (১৯)।

গ্রেপ্তারের সময় তাদের কাছে দেশীয় বন্দুক, চাপাতিসহ ডাকাতি কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয় বলে সোমবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব- ১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম বলেন, বেড়াতে আসা সাধারণ মানুষ একটু নিরিবিলি এলাকা দিয়ে হাঁটলেই তারা ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করত। এছাড়া রাস্তা দিয়ে চলাচল করা গাড়িগুলোকে রশি টেনে ধরে থামাতে বাধ্য করা হত।

“কোনো গাড়ি দ্রুত যাওয়ার চেষ্টা করলে গ্লাসে ডিম ছুঁড়ে ঘোলাটে করে দিয়ে গাড়ি থামাতে বাধ্য করত। আবার পেছন থেকে ঢিল ছুড়েও গাড়ির পেছনের গ্লাস ভেঙে দিত। এভাবে গাড়ি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করা এই দলটির নিয়মিত কাজ হয়ে আসছিল।”

উত্তরা-মিরপুর এলাকায় চলাচলকারী গাড়িগুলোকেও লক্ষ্য করে ডাকাতি চালানো এই চক্রটিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল।

গ্রেপ্তার স্বাধীন মুন্নু টেক্সটাইল মিল হাই স্কুল থেকে এসএসসি, নিজাম উদ্দিন উত্তরা হাই  স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাস করেছে। বিশু নবম শ্রেণি এবং  শামীম অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে। বাকিদের কেউ বায়িং হাউজে চাকরি করতেন, কেউবা লেগুনা চালক ছিলেন।

র‌্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, “এরা সবাই বিভিন্নভাবে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। এই ব্যবসার সূত্রে তারা একত্রিত হয় এবং এই ব্যবসার পাশপাশি ডাকাতি এবং ছিনতাই করে থাকে।”