পূর্বাচলের প্লট চলতি বছরের মধ্যে: পূর্তমন্ত্রী
বরাদ্দপ্রাপ্তদের চলতি বছরের মধ্যে পূর্বাচল প্রকল্পের প্লট বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।
সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের এমপি র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরীর এক প্রশ্নে মন্ত্রীর এই উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
মন্ত্রী বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ২৪ হাজার ৬৯৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ হাজার প্লট চূড়ান্তভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।
“উন্নয়ন কাজ চলমান থাকায় অবশিষ্ট প্লট বরাদ্দপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। তবে ২০১৯ সালের মধ্যে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করে বাকি গ্রাহকদের প্লট বুঝিয়ে দেওয়া হবে।”
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ এলাকায় মোট ছয় হাজার ২৭৭ একর জমিতে পূর্বাচল নতুন শহর গড়ে তুলতে ১৯৯৬ সালে প্রকল্প নেওয়া হলেও জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নের কাজেই ২০০৯ সাল পর্যন্ত লেগে যায়।
শুরুতে তিন হাজার ৩১১ কোটি টাকা ব্যয় ধরা হলেও তা বাড়তে বাড়তে এখন ৭ হাজার ৭৮২ কোটি টাকায় পৌঁছেছে।
পরিকল্পনা অনুযায়ী, ২৫ হাজার ১৬টি আবাসিক প্লটের পাশাপাশি পূর্বাচলে ৬০ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে।
সেখানে ১৪২ তলা ‘আইকনিক টাওয়ার’ নির্মাণের একটি পরিকল্পনার কথাও গত সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন।
চট্টগ্রামের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শ ম রেজাউল করিম জানান, রাজউক ২০১০ সালে রাজধানীতে প্রাথমিকভাবে ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে। ২০১৬ সালে জরিপ করে দেখা যায়, সেসব ভবনের মধ্যে ২৫৫টি ঝুঁকিপূর্ণ ভবন তখনও আছে।
“এর মধ্যে ৩৫টি অতি ঝুঁকিপূর্ণ ও ২২০টি বাহ্যিকভাবে ঝুঁকিপূর্ণ। এছাড়া বাকি ঝুকিঁপূর্ণ ভবনের মধ্যে ২৫টি ভেঙে ফেলা হয়েছে ও বাকিগুলো ভেঙে সেই স্থানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।”
মন্ত্রী জানান, বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
আইন অনুযায়ী রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরা এবং ভেঙে ফেলার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের বলে জানান মন্ত্রী।
এমপি হাজী মো. সেলিমের প্রশ্নের উত্তরে পূর্তমন্ত্রী জানান, ঢাকা শহরে বর্তমানে ছয় হাজার ৪০৯টি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এসব পরিত্যক্ত বাড়ি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ‘ডিমান্ড নোট হোল্ডারদের’ বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয় ১ লাখ ৩৪ হাজার ১৪৭টি
অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সংসদে জানান, সারা দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ ৩৪ হাজার ১৪৭টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৫৯৩টি।
নীলফামারীর আহসান আদেলুর রহমানের প্রশ্নে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর ২০১০ থেকে ২০১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২ কপি বই বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২৯৫ কোটি ১ লাখ ২০ হাজার ৭৮৪ কপি পাঠ্যপুস্তক এবং শিক্ষকদের জন্য ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮ কপি শিক্ষক নির্দেশিকা।
শিক্ষানীতি ২০১০ এর আলোকে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৪০টি পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে বলে মন্ত্রী জানান।
