২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিকের গুদাম উচ্ছেদে টাস্কফোর্সের অভিযান

পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম উচ্ছেদে একসঙ্গে পাঁচ জায়গায় অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 01:24 PM

Updated : 10 Oct 2022, 08:58 PM

পুরনো খবর:

রাসায়নিকের গুদাম কদমতলী-টঙ্গীতে নেওয়ার সিদ্ধান্ত 
দমে যাওয়ার প্রশ্নই আসে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, সোমবার সকাল থেকে তাদের পাঁচটি দল এই অভিযান ‍শুরু করে।

এর মধ্যে দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরিফ আহমেদের নেতৃত্বে একটি দল বেলা সাড়ে ১১টার দিকে চকবাজারের হরনাথ ঘোষ রোডে অভিযান শুরু করে।

অভিযানের শুরুতেই হরনাথ ঘোষ রোডের ৯৫/৫ নম্বর হোল্ডিংয়ে একটি একতলা বাড়ির সামনের অংশে রাসায়নিক ও দাহ্য পদার্থের একটি গুদাম পান তারা। পরে ওই গুদামের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ওই বাড়ির মালিক হাজি মোহাম্মদ আলমাস সাংবাদিকদের বলেন, মাসে আট হাজার টাকায় বাকের হোসেন নামের একজনকে বাড়ির সামনের অংশ গুদাম হিসেবে ভাড়া দিয়েছেন তিনি। পরে তাকে সিটি করপোরেশনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া একজন কর্মকর্তা জানান, আলমাস এই গুদাম তুলে দিলে বাড়ির ওই অংশের জন্য পুনরায় বৈদ্যুতিক সংযোগ দেওয়া হবে।

ওই রোডের আরেক বাড়িতে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদামের পাওয়া গেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার আগেই মালামাল সরিয়ে দেয় মালিকপক্ষ। এরপর কে বি রুদ্র রোডেও একটি বাড়িতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

চরবাজারের চুড়িহাট্টায় গত ২০ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণহাণির পর পুরান ঢাকা থেকে সব রাসায়নিকের গুদাম সরাতে সময় বেঁধে দেয় সরকার।

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ভবন পুড়ে যায়, যেগুলোতে প্লাস্টিক দ্রব্য, রাসায়নিক কিংবা প্রসাধন সামগ্রীর গুদাম ছিল।

নয় বছর আগে নিমতলীতে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির পরও পুরান ঢাকার সব রাসায়নিকের গুদাম সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছিল। সেই উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের অসহযোগিতায় তা সম্ভব হয়নি বলে সরকারের ভাষ্য।

চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের পর সরকার আবারও উদোগী হলে প্রথম দিনই আপত্তি তোলেন স্থানীয় ব্যবসায়ী ও ভবন মালিকদের অনেকে। রোববার লালবাগের শহীদনগর এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সিটি করপোরেশনের কর্মকর্তারা। তাদের প্রায় দুই ঘণ্টা একটি প্লাস্টিক কারখানায় অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।