হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ‘অর্ধেক বাকি’
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের সময়সীমা শেষ হলেও এখনও বাঁধের ৫০ শতাংশ কাজ বাকি রয়েছে বলে অভিযোগ করেছে উন্নয়ন সংস্থা পপি।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পপির নির্বাহী পরিচালক মোর্শেদ আলম সরকার বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে সরকার প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করে দেয়।
“আপনাদের (সাংবাদিক) একটি দুঃখজনক তথ্য সরবরাহ করছি। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুরো হাওরের বাঁধ নির্মাণের জন্য ৫০ শতাংশ পিআইসি গঠনের কাজ শেষ হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রী সুনামগঞ্জ সফর করে বাঁধ নির্মাণে ধীর গতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেন।”
সুনামগঞ্জে এবার ৫৫৩টি প্রকল্পে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি প্রকল্পের জন্য একটি করে বাস্তবায়ন কমিটি (পিআইসি) করা হয়।
“এসব কমিটিতে আগে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে মামলার আসামিরা ঢুকে পড়েছে।”
উন্নয়ন সংস্থা অক্সফ্যামের একটি প্রকল্পের আওতায় পপির ব্যবস্থাপনায় হাওর নিয়ে কাজ করা হয়।
সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম সরকার দাবি করেন, হাওর বাঁধের জন্য পিআইসি গঠন প্রক্রিয়া দ্রুত শেষ করে টেকসই বাঁধ নির্মাণ কাজ শেষ করতে হবে। হাওরের গ্রাম রক্ষায় সরকারি সহযোগিতা বাড়াতে হবে। নদীগুলো ড্রেজিং করতে হবে। দুর্যোগকালীন সময়ে হাওরের জেলাগুলোয় খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হাওর অ্যাডভোকেসির যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, হাওর আন্দোলনের সংগঠক মেনন চৌধুরী উপস্থিত ছিলেন।
