ওয়াজেদ মিয়ার ভাগ্নে পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরে পার্কের সামনে থেকে সাজ্জাদ হোসেন নামের ৬২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব-৩।
র্যাব বলছে, সাজ্জাদ ভাষানটেক এলাকায় বিভিন্ন ঠিকাদারকে বালি ও ইট সরবরাহের কাজ করতেন। এক সময় তিনি ‘সেনাবাহিনীর সাবেক মেজর’ পরিচয় দিতে শুরু করেন।
“এই পরিচয় দিয়ে বিভিন্ন জনকে ঠিকাদারী কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় করতেন তিনি। পরে নিজেকে ড. ওয়াজেদ মিয়ার বড় বোনের ছেলে পরিচয় দিতে থাকেন।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই পরিচয় দিয়ে সাজ্জাদ বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করে আসছিলেন। তার বাড়ি রংপুর হওয়ায় অনেকে তার দাবি বিশ্বাসও করতেন।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে সাজ্জাদ অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন বলে র্যাবের ভাষ্য।
প্রতারণার অভিযোগে সাজ্জাদের বিরুদ্ধে এক ভুক্তভোগী কাফরুল থানায় মামলা করেছেন বলে উপ পরিদর্শক শরীফুজ্জামান জানিয়েছেন।
