২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআইবি মহাপরিচালক শাহ আলমগীরের প্রতি শেষ শ্রদ্ধা

প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক সাংবাদিক শাহ আলমগীরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকসহ সর্বস্তরের পেশাজীবীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 09:52 PM

Updated : 10 Oct 2022, 08:57 PM

বিকালে তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হলে বিভিন্ন সংগঠনের নেতারা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সাবেক সভাপতি শফিকুর রহমানসহ ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা তাদের প্রয়াত এই সহকর্মীর কফিনে ফুল দেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য সচিব আবদুল মালেকের নেতৃত্বে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও পিআইবির মহাপরিচালকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রেস কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শাহ আলমগীরের প্রতি।

আওয়ামী লীগের পক্ষ থেকে খালিদ মাহুমদ চৌধুরী, বিপ্লব বড়ুয়া, অসীম কুমার উকিল, সিপিবির পক্ষ থেকে রুহিন হোসেন প্রিন্স ফুল দেন পিআইবির মহাপরিচালকের কফিনে।

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ব্রডকাস্ট জার্নলিস্ট সেন্টার, মফস্বল সাংবাদিক ফোরাম, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, ফটো জার্নলিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি, নারী সাংবাদিক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ, পিআইবি অ্যালামমাই অ্যাসোসিয়েশন, চাঁদের হাট, শিশু কল্যাণ পরিষদ, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদ, প্রথম আলো পরিবার, সংবাদ পরিবার, কিশোর বাংলা পরিবার, বাংলার জাগরণ এবং টেলিভিশন ‘চ্যানেল আই’ ‘মাছারাঙ্গা’, ‘ইটিভি’, ‘আরটিভি’, ‘বৈশাখী’র পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় শাহ আলমগীরের প্রতি।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলমগীর। তার বয়স হয়েছিল ৬২ বছর।

দুপুরে গোড়ানে নিজের বাড়িতে ও পিআইবিতে জানাজার পর তার কফিন জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হলে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শাহ আলমগীরের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আরেক দফা জানাজা হয়।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ শফিকুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মতিউর রহমান চৌধুরী, আবুল কালাম আজাদ, শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর, নঈম নিজাম, শাহজাহান মিয়া, রফিকুল হক দাদুভাই, মঞ্জুরুল আহসান বুলবুল, কামরুল ইসলাম চৌধুরী, ইশতিয়াক রেজা, মোল্লা জালাল, শাবান মাহমুদ, এম আবদুল্লাহ, আবু জাফর সূর্য্, শহীদুল ইসলাম, সোহেল হায়দার চৌধুরী, ইলিয়াস হোসেন, কবির আহমেদ খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, ফরিক আলমগীর এবং বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা জানাজায় অংশ নেন।

জাতীয় প্রেস ক্লাব থেকে শাহ আলমগীরের কফিন উত্তরায় তার বাসায় নেওয়া হয়। সেখানে আরেক দফা জানাজার পর সন্ধ্যায় ১২ নং সেক্টরের কবরাস্থানে তাকে দাফন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে লেখাপড়া করা শাহ আলমগীরের সাংবাদিকতার শুরু উপমহাদেশের প্রথম শিশু-কিশোর সাপ্তাহিক কিশোর বাংলায়। ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ওই পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কাজ করেন তিনি।

এরপর দৈনিক জনতা, বাংলার বাণী, আজাদ ও সংবাদ-এ কাজ করা আলমগীর ১৯৯৮ সালের নভেম্বর থেকে ২০০১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত দৈনিক প্রথম আলোর যুগ্ম বার্তা-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এছাড়া চ্যানেল আইয়ে প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশনে হেড অব নিউজ, যমুনা টেলিভিশনে পরিচালক (বার্তা) এবং মাছরাঙা টেলিভিশনে বার্তা প্রধানের দায়িত্বেও তিনি ছিলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শাহ আলমগীর জাতীয় প্রেসক্লাবেরও সদস্য ছিলেন।

তিনি শিশু কল্যাণ পরিষদ এবং শিশু ও কিশোরদের জাতীয় প্রতিষ্ঠান ‘চাঁদের হাট’এর সভাপতি এবং বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৬ সালে ‘কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার’, ২০০৫ সালে ‘চন্দ্রাবতী স্বর্ণপদক’, ২০০৪ সালে ‘রোটারি ঢাকা সাউথ ভোকেশনাল এক্সিলেন্স এওয়ার্ড’ এবং ২০০৪ সালে ‘কুমিল্লা যুব সমিতি অ্যাওয়ার্ড’ পান।

শাহ আলমগীরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।