২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘শিগগিরই’ সিগনাল বাতিতে যান চলাচল নিয়ন্ত্রণ: প্রধানমন্ত্রী

ট্রাফিক পুলিশের হাত উঁচু-নিচু করে নয়, সিগনাল বাতির মাধ্যমে ঢাকা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা ‘শিগগিরই’ চালু হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2019, 10:48 PM

Updated : 08 Apr 2022, 03:53 PM

বুধবার সংসদে প্রশ্নোত্তরে তিনি বলেন, “সংশ্লিষ্ট কেইস প্রকল্প ও ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোতে সিগনাল লাইট অনুযায়ী যানবাহন চলাচলের ওপর পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে।

“খুব শিগগিরই ম্যানুয়াল পদ্ধতিতে যানবাহন চলাচল বন্ধ করে অটোমেটিক ও রিমোট কন্ট্রোলের সমন্বয়ে ট্রাফিক সিগনাল লাইট অনুযায়ী যানবাহন নিয়ন্ত্রণ করা শুরু হবে।”

সংসদ সদস্য দিদারুল আলম প্রশ্নোত্তরপর্বে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ঢাকার যানজট নিরসনে পরিকল্পনা কী?

জবাবে শেখ হাসিনা বলেন, গত ১০ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং অনেক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হলে ‘খুব শিগগিরই’ ঢাকা মহানগরী যানজটমুক্ত হবে বলে আশা করা যায়।

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “ঢাকার যানজট দূরীকরণে গণপরিবহনের জন্য মাস র‌্যাপিড ট্রানজিট ও বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ঢাকা শহরের চারিদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণেরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

প্রধানমন্ত্রী জানান, কেইস প্রকল্পের (ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট) অধীনে ২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ৩১ মার্চ মেয়াদে ঢাকা মহানগরীতে ট্রাফিক সিগনাল সম্বলিত মোট ১০০টি ইন্টারসেকশনের মধ্যে ৯২টি ইন্টারসেকশনে অটোমেটিক ও রিমোট কন্ট্রোলের সমন্বয়ে ট্রাফিক সিগনাল লাইট অনুযায়ী যানবাহন চলাচলের প্রকল্প চলছে।

জনদুর্ভোগ লাঘবে ডিএমপি ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে জানিয়ে

তিনি বলেন, “আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পয়েন্ট ওভার সার্ভিসের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে প্রসিকিউশন দায়ের করা হচ্ছে। ট্রাফিক পুলিশে জনবল বাড়ানো হয়েছে। একমুখী চলাচল ব্যবস্থা চালু এবং অপ্রয়োজনীয় ইউটার্ন ও ক্রসিংগুলো বন্ধ রাখা হয়েছে।”

ঢাকায় যানজট নিরসনে নেওয়া প্রকল্পগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল এবং গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

এছাড়া কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৪ নির্মাণ, গাবতলী থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত ২৪ কিলোমিটার এমআরটি লাইন-২ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৩ এর সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে।

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পের মাধ্যমে আমিনবাজার থেকে গাবতলী-রাসেল স্কয়ার হয়ে আজিমপুর পর্যন্ত এলিভেটেড বাস র‌্যাপিড ট্রানজিট নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

এছাড়া যান্ত্রিক কার পার্কিং সিস্টেম চালু করা, পথচারীবান্ধব সড়ক ও ফুটপাত উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

কীভাবে গণপরিবহন আরও বাড়ানো যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর ভাবনা জানতে চান সংসদ সদস্য মুজিবুল হক।

জবাবে শেখ হাসিনা বলেন, “আমরা ঢাকা শহরে যে এতগুলো প্রকল্প নিচ্ছি; মেট্রোরেল, বিআরটি যতকিছু সবই কিন্তু গণপরিবহনের আওতায়।”

গণপরিবহন বাড়ানোর জন্য নতুন নতুন বাস কেনা হচ্ছে বলে জানান তিনি।

হাত দিয়ে ট্রাফিক কন্ট্রোলের পরিবর্তে সিগনাল বাতির মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রত্যাশা করেন সাংসদ কাজী ফিরোজ রশীদ।

শেখ হাসিনা বলেন, “সিগনালের ব্যবস্থাটা মাঝখানে কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। এটাকে আবার আমরা চালু করে দিয়েছি। তবে ক্ষেত্র বিশেষে হয়ত ট্রাফিক এভাবে আটকাতে পারে।

“ইতোমধ্যে সে নির্দেশ দেওয়া আছে। মাননীয় সংসদ সদস্য যেহেতু বললেন, অবশ্যই সিগনাল যেখানে কন্ট্রোল হয় সেখানে বলব বিষয়টার দিকে নজর দিতে।”

শেখ হাসিনা বলেন, “একেবারে ইলেকট্রনিক পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে যাতে ট্রাফিক কন্ট্রোল হয় সেই ব্যবস্থাও আমরা চাচ্ছি। অলরেডি কিছু অংশ ইতোমধ্যে চলে আসছে।”

বিশ্বের বড় বড় শহরগুলোতে ট্রাফিক একটা বড় সমস্যা মন্তব্য করে তিনি বলেন, যানজট হবে বলে তিনি নিজে কম বের হন।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।   

মাদকদ্রব্য উদ্ধার ও দমন অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি ও পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রধানমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসন হতে যুব সমাজকে মুক্ত রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। সমাজকে মাদকমুক্ত করার জন্য একটি বাস্তবমুখী পরিকল্পনার আওতায় নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

২০১৮ সালে আইন প্রয়োগকারী সংস্থা ১ লাখ ১৯ হাজার ৮৭৮টি মাদকের মামলা দায়ের করেছে উল্লেখ করে তিনি বলেন, সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে লিফলেট, পোস্টার, বুলেটিন প্রকাশ, আলোচনা সভা করা হয়েছে। মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা ৬৪ থেকে বাড়িয়ে ২৭৬টিতে উন্নীত করা হয়েছে।

মাদক নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিনিয়ত মামলা করা হচ্ছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। যানবাহন ও স্পটে তল্লাশি করা হচ্ছে। সীমান্তে অভিযান জোরদার করা হচ্ছে।”

যেসব মাদক কারবারি আত্মসমর্পণ করেছেন তাদের জন্য কোনও নীতিমালা গ্রহণ করা হবে কি না- মাহফুজুর রহমানের সম্পূরক এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “সচেতন হয়ে অনেকেই আত্মসমর্পণ করছে। যারা মাদকাসক্ত তাদের পুনর্বাসন করা হচ্ছে।

“যারা ওই ব্যবসায় (মাদক) যুক্ত, ওই ব্যবসা ছেড়ে দিয়ে তারা যাতে নতুন কিছু করতে পারে অর্থাৎ যারা আত্মসমর্পণ করেছে তাদের আমরা আর্থিক সহায়তা দেব। ইতোমধ্যে সেটা ব্যবস্থা নিয়েছি। আর্থিক সহায়তা দিয়ে অন্য ব্যবসা করে ভালভাবে চলতে পারে সে ব্যবস্থাটা আমরা করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছি।”

বাবা-মা, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সমাজের সবাই সোচ্চার হয়ে মাদক মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্যবিরোধী বিশেষ জোন স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চারটি বিভাগীয় শহরে মাদকদ্রব্য টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হবে। মাদক নির্মূলে বিশেষায়িত জনবল সৃষ্টির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করা হবে।