২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংকের ২ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

এলসির মাধ্যমে ঋণ নিয়ে এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 04:26 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

মঙ্গলবার চট্টগ্রামের হালিশহর থানায় দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক এ মামলা করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আসামিরা হলেন- ঋণ সুবিধা নেওয়া মেসার্স ইয়াসির ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাহের হোসেন এবং এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নাজির উদ্দিন ও সাবেক সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আজাদ হোসেন।

গত ২০ ফেব্রুয়ারি দুদক মামলাটি দায়েরের অনুমোদন দেয়।

মামলায় অভিযোগ করা হয়, মেসার্স ইয়াসির ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাহের হোসেন এবি ব্যাংকের এলসির মাধ্যমে বিদেশ থেকে বিভিন্ন পণ্যসামগ্রী আমদানি করে দেশের বাজারে বিক্রি করেন, কিন্তু এ ঋণের অর্থ পরিশোধ না করে আত্মসাৎ করেন তিনি। এ কাজের সাথে ব্যাংকটির ওই দুই কর্মকর্তার সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয় মামলায়।

এজাহারে বলা হয়, চট্টগ্রামের হালিশহরে এবি ব্যাংকের পোর্ট কানেক্টিভিটি রোড শাখা থেকে ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করেন মো. মোজাহের হোসেন।

পরবর্তিতে ২০১৩ সালে এবি ব্যাংকের ওই দুই কর্মকর্তার সুপারিশে ব্যাংকটির এই শাখা থেকে এলসি ঋণের মাধ্যমে বিদেশ থেকে প্রায় ৯৯ কোটি টাকার গম, চাল, ডাল, সার, বীজ, কেমিকেল ইত্যাদি পণ্য আমদানি করে দেশের বাজারে বিক্রি করা হয়। কিন্তু গ্রাহক মোজাহের এবং দুই ব্যাংক কর্মকর্তা পরস্পর যোগসাজশে সুদসহ ওই ঋণের ১৩৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা আত্মসাৎ করেন বলে এজাহারে বলা হয়েছে।

পুরনো খবর:

সরকারি জমি বিক্রি: ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক