চুড়িহাট্টা ট্র্যাজেডি: শনাক্ত ৪৮ লাশের ২৫ জনই শ্রমজীবী
ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে যে ৪৮ জনের লাশ শনাক্ত হয়েছে, তাদের ২৫ জনই বিভিন্ন কারখানার শ্রমিক, দোকানের কর্মচারী, রিকশা বা ভ্যান চালক এবং হকারের পেশায় নিয়োজিত ছিলেন।
অগ্নি দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের তালিকা প্রণয়নের জন্য গঠিত চার সদস্যের কমিটি তাদের শনাক্ত করেছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, চকবাজারের অগ্নিদুর্ঘটনায় বিভিন্ন পেশায় নিয়োজিত ২৫ জন শ্রমিক নিহত এবং ১০ জন শ্রমিক আহত হন।
“শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত শ্রমিকদের এক লাখ এবং আহত শ্রমিকদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।”
গত ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকার পাইকারি পণ্যের বাজার চকবাজারে ওই অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হন। তাদের মধ্যে ৪৮ জনের লাশ শনাক্ত হলেও বাকিদের পোড়া চেহারা বোঝার উপায় নেই। সেজন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত শ্রমিকদের তালিকা তৈরির জন্য গত ২২ ফেব্রুয়ারি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক জাকির হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি করা হয়।
কমিটির সদস্যরা ঢাকা মেডিকেলের সঙ্গে সমন্বয় করে পরিচয় নিশ্চিত হওয়ার পর মান্ত্রণালয় তালিকা জমা দেয়। সেখানে বলা হয়, নিহত শ্রমিকদের মধ্যে ২২ জন বিভিন্ন কারখানা, প্রতিষ্ঠান ও দোকানের কর্মচারী, দুইজন রিক্সা ও ভ্যান চালক এবং একজন হকার।
শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান রোববার সন্ধ্যায় তার মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানকে সঙ্গে নিয়ে আহত শ্রমিকদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান।
চিকিৎসাধীন শ্রমিকদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তিনি সাতজন শ্রমিকের চিকিৎসার জন্য তাদের স্বজনের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৫০ হাজার টাকা করে দেন।
চিকিৎসাধীন আরও তিন শ্রমিকের জন্য আর্থিক সহায়তার চেক দুয়েক দিনের মধ্যে হস্তান্তর করা হবে এবং নিহত ২৫ শ্রমিকের আর্থিক সহায়তার চেকও শিগগিরই দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
