২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচন না পিছিয়ে ছাত্রদল নেত্রীর আবেদন নিষ্পত্তির নির্দেশ

ভোটার তালিকায় নাম না ওঠায় ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছিলেন ছাত্রদলের এক নেত্রী; হাই কোর্ট ভোট স্থগিত না করে ভোটার হতে তার আবেদন নিষ্পত্তি করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 06:40 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

তিন দশক পর আদালতের নির্দেশে ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিল ঘোষণার পর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ফাহমিদা মজিদ হাই কোর্টে গিয়েছিলেন।

সোমবার তার শুনানি হয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চে।

শুনানিতে আদালত বলে, তারা নির্বাচনের তফসিল পেছাবেন না।

তখন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তখন বলেন, “আপনারা একটা আদেশ দিতে পারেন। উনি ভোটার হতে চেয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা যেতে পারে যে, তাকে ভোটার করার বিষয়টি বিবেচনা করা হোক।”

তখন হাই কোর্ট ফাহমিদা মজিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে প্রধান রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়।

আদালতের আদেশে বলা হয়, “আমরা ঘোষিত তফসিল বাধাগ্রস্ত না করেই তার আবেদন নিষ্পত্তি করতে বলছি।”

আদালতে রিট আবেদনকারী ফাহমিদার পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

Image
রিট আবেদনকারী ফাহমিদা মজিদ

রিট আবেদনকারী ফাহমিদা মজিদ

আদেশের পর কাজল সাংবাদিকদের বলেন, “ফাহমিদা মজিদ রোকেয়া হলের প্রভোস্টের কাছে যে আবেদন দিয়েছেন, সেটা ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে প্রধান রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

“যখন তাকে বিবেচনা করা হবে তখন সে যদি প্রার্থী হতে চায়, সে বিষয়টিও বিবেচনা করতে প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।”

আদালত সেই সঙ্গে একটি রুলও দিয়েছে।

আবেদনকারীকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত না করে তাকে প্রার্থিতা ও ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করায় ১১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. এস এম মাহফুজুর রহমানসহ পাঁচজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।