২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালোবাসার’ লেনদেনে বই বিক্রিতে রেকর্ড

শাওনের ভালো লাগে উপন্যাস, বর্ষার রহস্য-রোমাঞ্চ; বিশেষ দিনগুলোতে তারা একে অপরকে উপহার দেন পছন্দের বই। শাওন-বর্ষার মতো অনেক প্রেমিক-প্রেমিকা এবং স্বামী-স্ত্রীও পরস্পরের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে ভিড় করেন বইমেলায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2019, 01:49 AM

Updated : 10 Oct 2022, 08:56 PM

বৃহস্পতিবার ভ্যালেন্টাইনস ডে’তে তাই অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে যুগলদের পদচারণায়। ললনাদের বসনে বাসন্তী ছোঁয়া, চুলে গোঁজা বাহারি ফুল; সঙ্গে আসা যুবকও নিজেকে সাজিয়েছিলেন ঋতু সাজে।

এদিন বিকাল ৩টায় বইমেলার দুয়ার খোলার আগেই ভিড় করতে থাকেন নানা বয়সের যুগলরা। সকাল থেকে হেথাওথা ঘুরে বেড়ানোর দল বিকাল হতেই ঢুকে পড়েন বইয়ের রাজত্বে। খুঁজে খুঁজে পছন্দের বই কিনে প্রিয়জনের হাতে তুলে দেন তারা।

আর তাতেই এদিন মেলায় বই বিক্রি আগের যে কোনো দিনের চেয়ে বেশি হয়েছে বলে জানান বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

হাসনাত শাওন ও রোদেলা ইসলাম বর্ষা; দুজনেই পড়েন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ক্লাস, ক্লাস টেস্ট, মিডটার্ম পরীক্ষার টানা ধকল শেষে মুক্তি মিলেছে সম্প্রতি। আর তখনই এসে পড়ল পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইনস ডে।

Image
অমর একুশে গ্রন্থমেলায় পছন্দের বই দেখছে দশনার্থীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

অমর একুশে গ্রন্থমেলায় পছন্দের বই দেখছে দশনার্থীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

কথাপ্রসঙ্গে শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পরিচয়ের সূত্রপাত কিন্তু পাঠচক্রেই। বিশ্ব সাহিত্য কেন্দ্রে এসে আমি নিয়মিত বই খুঁজতাম। তখন বর্ষা পাঠচক্রের নিয়মিত সদস্য। সম্ভবত জীবনানন্দ দাশ নিয়ে তর্ক করছিলাম। সেই থেকে আলাপ, তারপর বন্ধুত্ব, অতঃপর প্রেম।”

বর্ষা লাজুক ভঙ্গিতে সায় জানিয়ে বললেন, এবার তিনি রহস্য রোমাঞ্চের পাশাপাশি বেশ কিছু সমকালীন সাহিত্য সমালোচনা কিনেছেন।

তিনি বলেন, “আমার বিষয় ইংরেজি। কিন্তু সমকালীন বাংলা সাহিত্যের প্রতি আমার খুব ঝোঁক। যতই পড়ছি, মনে হচ্ছে কত কী পড়া হল না!”

ব্যবসায়ী সুমন কর্মকার এসেছিলেন স্ত্রী ঈশিতা পায়েলকে নিয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পায়েল বলেন, “দুরন্ত তারুণ্যের কত মুহূর্ত এখানে কাটিয়েছি। আজ বিশেষ দিন। সেই বিশেষ দিনে প্রিয় মানুষকে নিয়ে বইমেলায় এসেছি, প্রিয় সব বইয়ের খোঁজে।”

তিনি জানান, গল্প-উপন্যাসের পাশাপাশি  তার দুই সন্তানের জন্য ছন্দ, বাক্য গঠনের বইও তিনি কিনেছেন। কিনেছেন শিশুতোষ রচনাও।

রাজধানীর মাদারটেক থেকে আসা মধ্যবয়সী দম্পতি কামরুল ইসলাম ও শবনম বই কিনতে গিয়ে ফুরিয়ে ফেলেন পকেটের সব টাকা। অতঃপর তারা দুজনে ছোটেন বিকাশের স্টলে।

Image
অমর একুশে গ্রন্থমেলায় পছন্দের বই দেখছে দশনার্থীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

অমর একুশে গ্রন্থমেলায় পছন্দের বই দেখছে দশনার্থীরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

কামরুল ইসলাম বলেন, “আজ সব মিলিয়ে আট হাজার টাকার বই কিনেছি। আমরা দুজনেই  পড়তে খুব ভালোবাসি। গ্রামের বাড়িতে একটি পাঠাগারও করেছি। যেসব বই আমাদের সংগ্রহে নেই সেগুলোই আজকে সংগ্রহ করে নেব।”

মেলায় বিক্রিতে সন্তুষ্ট প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, পহেলা ফাল্গুনের মতো ভ্যালেন্টাইনস ডেতেও বিক্রির রেকর্ড হয়েছে।

তিনি বলেন, “বিশ্ব ভালোবাসা দিবসে মেলায় শুধু ভিড় হয়েছে, তাই নয়। এবার কিন্তু প্রায় প্রত্যেকের সাথে একটি হলেও বই আমি দেখেছি। বিগত দিনগুলোর তুলনায় এদিন সবচেয়ে বেশি বই বিক্রি হবে, এটা অনুমিত।

“তবে বিক্রয়ের অর্থ একেবারে সব রেকর্ড ভেঙে দিচ্ছে। এখনই আমরা তা প্রকাশ করব না। তবে আজকের দিনে এটাই প্রমাণিত হয়, যতই প্রযুক্তি আসুক, বইপ্রেমীদের সংখ্যা আরো বাড়বেই।”

মেলার মূল মঞ্চের অনুষ্ঠান

বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল বাংলাদেশে বাংলা ভাষা, সাহিত্য ও বিজ্ঞান ভাবনা‘ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

Image
ভ্যালেন্টাইন ডেতে বৃহস্পতিবার অমর একুশে গ্রন্থমেলায় দর্শনার্থীদের ভিড়। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ভ্যালেন্টাইন ডেতে বৃহস্পতিবার অমর একুশে গ্রন্থমেলায় দর্শনার্থীদের ভিড়। ছবি: আব্দুল্লাহ আল মমীন

এতে প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। আলোচনায় অংশগ্রহণ করেন রেজাউর রহমান, আবদুল কাইয়ুম ও অপরেশ বন্দ্যোপাধ্যায়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। 

প্রাবন্ধিক বলেন, “ডিজিটাল বাংলাদেশে আমাদের প্রয়োজন বৈজ্ঞানিক কাণ্ডজ্ঞান, পরিশীলিত রুচিবোধ এবং বিচারবুদ্ধি ও মানবিক বোধশক্তিসম্পন্ন মানুষ। এই লক্ষ্য তিরোহিত হলে সমূহ বিপদ। অগ্রসরমানতার পথ তাতে বন্ধুর এবং বাধাগ্রস্ত হবে নিঃসন্দেহে।”

মেলার ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত বই নিয়ে আলোচনায় অংশ নেন আকিমুন রহমান, আনিসুল হক, রাহাত মিনহাজ, মাহবুব ময়ুখ রিশাদ ও চাণক্য বাড়ৈ।

অমর একুশে গ্রন্থমেলার ১৪তম দিন বৃহস্পতিবার ১৪৭টি নতুন বই এসেছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।