২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু: ভোটকেন্দ্র হলে রাখার পক্ষে টিএসসির সংগঠনগুলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনে ভোটকেন্দ্র হলে রাখতে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে টিএসসিভিত্তিক সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2019, 05:13 PM

Updated : 18 Aug 2022, 04:51 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলেনের আয়োজন করে ছাত্রলীগ ও টিএসসিভিত্তিক ২২টি সংগঠনের সমন্বিত প্ল্যাটফর্ম সম্মিলিত শিক্ষার্থী সংসদ।

২৮ বছর পর আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোর নির্বাচন।

ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ বাদে ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো হলে ভোটকেন্দ্র স্থাপনের বিরোধিতা করে আসছে। হলে কেন্দ্র থাকলে ভোটের আগের রাতে ব্যালটবাক্স ভর্তি করার আশঙ্কাও প্রকাশ করেছেন বিএনপির বিভিন্ন নেতা।

এই পরিস্থিতিতে ভোটকেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর একটি প্রস্তাব বিবেচনার কথা জানিয়েছেন এই নির্বাচনের ধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি এসএম রাকিব সিরাজী বলেন, “ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ঐতিহাসিকভাবেই হলগুলোতে হয়ে আসছে৷

“এর ধারাবাহিকতায় এবারও ভোটকেন্দ্র হলে হওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, সেটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো আপত্তি নেই বরং ঐতিহ্যের অংশ হিসেবে মেনে নিয়ে এ সিদ্ধান্তকে সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে৷"

তিনি আরো বলেন, “সাধারণ শিক্ষার্থীদের আবেগ ও অনুভূতিতে আঘাত দিয়ে ভোটের রাজনীতির স্বার্থে অযথা ভোটকেন্দ্র নিয়ে বিতর্ক বাড়িয়ে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনকে বানচাল করার পাঁয়তারায় পা না দিতে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে আমরা আহ্বান জানাচ্ছি৷

“নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী সম্ভাব্য সব প্যানেল সাধারণ শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া, দাবি-দাওয়া ও তাদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের ইশতেহারগুলো প্রস্তুত করবে, আমরা সেই প্রত্যাশা করছি৷ নির্বাচনের আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি৷"

সংবাদ সম্মেলনে টিএসসির ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

গতবছর ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পর ২৯ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক বিভিন্ন সংগঠন ও ছাত্রলীগের সমন্বয়ে সম্মিলিত শিক্ষার্থী সংসদ গঠিত হয়। 

পুরনো খবর:

ডাকসু: ভোটের সকালে কেন্দ্রে ব্যালট পাঠানোর চিন্তা