আইন মেনে ‘দেবী’ প্রদর্শনের অনুরোধ তথ্যমন্ত্রীর
তামাক নিয়ন্ত্রণ আইন মেনে ‘দেবী’ চলচ্চিত্র প্রদর্শনের অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আইনকে পাশ কাটিয়ে কেউ যদি এগুলো করে তাতে যেন সহায়তা না করা হয়।
বুধবার প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)’র উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
গত ১৯ অক্টোবর মুক্তি পাওয়া দেবী চলচ্চিত্রে ধূমপান উৎসাহিত করা হয়েছে বলে তামাকবিরোধী সংগঠনগুলোর দাবি।
আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মাছরাঙা টিভিতে দেবীর প্রদর্শনের উদ্যোগ নেওয়ার বিষয়টি তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন আলোচনা অনুষ্ঠানের বক্তারা।
হাছান মাহমুদ বলেন, বিষয়টি তিনি জানেন না, খোঁজ নিয়ে দেখবেন।
“তবে আইনকে পাশ কাটিয়ে কেউ যেনো কিছু না করে।”
অনুষ্ঠানে ‘তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অগ্রগতি, বাধা ও করণীয় : গ্যাটস ২০১৭ এর আলোকে একটি বিশ্লেষণ’ শীর্ষক মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র কো-অর্ডিনেটর হাসান শাহরিয়ার।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন, আগে যা ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ।
“২০০৯ এর তুলনায় ২০১৭ সালে সার্বিকভাবে তামাকের ব্যবহার ১৮.৫ শতাংশ হ্রাস পেলেও নারীদের মধ্যে হ্রাস পেয়েছে মাত্র ১২.২ শতাংশ, যা খুবই হতাশাজনক।”
তিনি বলেন, অতি উচ্চবিত্ত জনগোষ্ঠীর তুলনায় অতিদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাক ব্যবহারের প্রবণতা দ্বিগুণ। শহরের তুলনায় গ্রামীণ জনগোষ্ঠীর (৩৭.১%) মধ্যে তামাক ব্যবহারকারীর হারও অনেক বেশি।
তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বর্তমানে ৮১ লাখ মানুষ কর্মক্ষেত্রে এবং আড়াই কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন বলে গ্যাটস’র প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বাসা বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন ৪ কোটি ৮ লাখ মানুষ এবং এক্ষেত্রে নারীরা আক্রান্ত হচ্ছেন অনেক বেশি, অথচ নারী ধূমপায়ীর হার মাত্র ০.৮ শতাংশ।
ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ এর সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে আইন রয়েছে। কিন্তু সেই আইনের যথাযথ প্রয়োগ হয় না। তবে গত একদশকে বাংলাদেশে তামাক ব্যবহার কমেছে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তামাকের ক্ষতিকারক দিকের প্রচারণা চালানোর উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, “গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭’র তথ্য-উপাত্ত বিশ্লেষণ আমাদের বেশ কিছু দিকনির্দশনা দিয়েছে, সে আলোকে ভবিষ্যত তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সাজাতে হবে।”
প্রধান আলোচক অর্থনীতির বিশ্লেষক মাহফুজ কবীর বলেন, “তামাকের দাম এখনও অনেক সস্তা, দাম বাড়িয়ে এসব পণ্য দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে।”
সাংবাদিক মোজাম্মেল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’র গ্রান্টস ম্যানেজার আব্দুস সালাম মিয়া, আত্মার আহবায়ক মর্তুজা হায়দার লিটন, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভাইটাল স্ট্রাটেজিসসহ তামাকবিরোধী সংগঠনসমূহের প্রতিনিধিরা।
