হলুদরাঙা বইমেলা
পরনে হলুদ কিংবা রাঙা আবেশ; মাথায় ফুলের ব্যান্ড কিংবা খোপায় গুঁজে দেওয়া গাঁদা আর গোলাপ- এভাবে চারিদিকে বাসন্তি আবরণ নিয়ে দিন পার হল বইয়ের সঙ্গে।
বুধবার এমন বাসন্তি আবরণ নিয়ে অমর একুশে বইমেলায় আসেন হাজার হাজার মানুষ; ফাগুনের রঙে নিজেদের রাঙাতে ভুল করেননি স্টলের কর্মীরাও।
বইপ্রেমীদের কেউ এসেছিলেন প্রিয়জনের হাত ধরে, বন্ধু-বান্ধবের সঙ্গে। এত মানুষের আগমনে উড়ছিল ধুলো, কিন্তু তাতে থামেনি প্রাণের উৎসব।
দর্শনার্থীরা বইমেলায় ঘুরেছেন, বেছে নিয়েছেন পছন্দের বই। উৎসবের আবেশে সঙ্গীকে বই উপহার দিতেও পিছপা হননি তাদের কেউ কেউ।
বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে বাসন্তি সাজে ঘুরে ঘুরে বই দেখা আর ছবি তুলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। হলুদ রঙা শাড়িতে পরে আসা এই দু’জনের খোপায় গোঁজা ছিল গাঁদা ফুল।
ফাল্গুনের প্রথম দিন পরিবারের সাথে বইমেলায় এসেছে শিশুরাও। ছবি: আসিফ মাহমুদ অভি
একে অপরকে বই উপহার দেওয়ার কথা রয়েছে বলেও জানান ইশরাত।
মেলার মাঝামাঝি সময়ে এসে বসন্তের প্রথম দিনে পাঠক-দর্শনার্থীদের উচ্ছল উপস্থিতিতে খুশির কথা জানিয়েছেন প্রকাশক ও স্টলের কর্মীরা।
নালন্দা প্রকাশনীর স্বত্ত্বাধিকারী রেদওয়ানুর রহমান জুয়েল বলেন, “বেচাকেনা যেমনই হোক এখন মেলা পরিপূর্ণ। কারণ বসন্ত আমাদের প্রাণের উৎসব। বিক্রির সঙ্গে একে মেলালে হবে না, উৎসবের এই পরিপূর্ণ আনন্দকে উপভোগ করতে হবে। আমরা সেটাই করেছি।”
তিনি বলেন, “মানুষের উপস্থিতি বাড়লে বিক্রিও বাড়বে সেটাই স্বাভাবিক। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস আর একুশে ফেব্রুয়ারি বইমেলার জন্য বিশেষভাবে আসে। মানুষের উপস্থিতি সেটা জানান দেওয়ার জন্য যথেষ্ট।”
নির্ধারিত সময় বুধবার বিকাল সাড়ে তিনটায় বইমেলার দ্বার উন্মুক্ত হয়। পাঠক-দর্শনার্থীদের সরগরম উপস্থিতিতে চলে রাত ৯টা অবধি।
বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত বই নিয়ে আলোচনায় অংশ নেন শহীদ ইকবাল, মণিকা চক্রবর্তী, সঞ্জীব পুরোহিত, ফারুক সুমন ও আহম্মেদ শরীফ।
আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন
বসন্ত শুরুর দিনে বইমেলায় বাসন্তি সাজে বিদেশিরা। ছবি: আসিফ মাহমুদ অভি
কথাসাহিত্যিক রশীদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।
অনুষ্ঠানে রশীদ হায়দার বলেন, “রফিক আজাদ মানেই জীবন, তারুণ্য এবং সুন্দরের প্রতি পক্ষপাত। তার মতো বিশুদ্ধ কবির আবির্ভাব বাংলাদেশের কবিতার জগতকে করেছে ঋদ্ধ। কবিসত্তার বাইরে তার ব্যক্তিসত্তাও ছিল সমান আকর্ষণীয়।
“ব্যক্তিগতজীবনে তার মতো দেশপ্রেমিক, বন্ধুবৎসল, উদার-মানবিক মানুষের সন্ধান পাওয়া সত্যিই কঠিন ব্যাপার।”
এ সময় কবি অসীম সাহা, কবি ফারুক মাহমুদ এবং কবি জাফর আহমদ রাশেদ আলোচনায় অংশ নেন।
মূলমঞ্চে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি মুহাম্মদ সামাদ এবং টোকন ঠাকুর।
বাচিকশিল্পী রফিকুল ইসলাম এবং নাসিমা খান বকুল আবৃত্তি পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা, কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়, মিজান মাহমুদ রাজীব, ফারহানা শিরিন ও তানজিনা করিম স্বরলিপি।
নৃত্য পরিবেশন করেন সৌন্দর্য প্রিয়দর্শিনী ঝুম্পার পরিচালনায় নৃত্য সংগঠন জলতরঙ্গ ডান্স কোম্পানি’র নৃত্যশিল্পীবৃন্দ।
