২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরকেলের সঙ্গে হাসিনার বৈঠক মিউনিখে

মিউনিখে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2019, 05:10 PM

Updated : 18 Aug 2022, 04:51 PM

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই হচ্ছে শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।

প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে বুধবার সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ২০১৭ সালে ‘সম্মানজনক’ এই সম্মেলনে যোগ দিয়েছিলেন।  

এবার জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিরাপত্তা হুমকি ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে দুটি সেশনে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সরকারপ্রধান হিসেবে তার আলোচনা পর্বে শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন।

“আমরা আশা করছি, জার্মান চ্যান্সেলরের সঙ্গে (প্রধানমন্ত্রীর) একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে,” বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি সিমেন্স এ জির প্রেসিডেন্ট ও সিইও জোয়ে কায়িজার এবং ভেরিদোস জিএমবিএইচের প্রধান নির্বাহী হ্যান্স উল্ফগাং কুনজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি। ভেরিদোস জিএমবিএইচ বাংলাদেশে ইঁ-পাসপোর্ট বাস্তবায়ন করছে।

বাংলাদেশে বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগের প্রস্তাবকারী সিমেন্সের সঙ্গে জয়েন্ট ডেভেলপমেন্ট চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের মিউনিখের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। স্থানীয় সময় দুপুরে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তাদের।

বিকালে মিউনিখের হোটেল শেরাটনে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। মিউনিখ সফরের সময় তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

শুক্রবার সকালে শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে প্রতিরক্ষা সহযোগিতার ওপর আলোচনায় অংশ নেবেন।

শুক্র ও শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বিভিন্ন সেশন ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আয়োজিত ‘হেলথ ইন ক্রাইসিস-হু কেয়ার্স’ শীর্ষক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি।

এছাড়া ২০১৭ সালের নোবেলবিজয়ী পরমাণু অস্ত্র ধ্বংস বিষয়ক আন্তর্জাতিক প্রচারণা সংস্থার নির্বাহী পরিচালক বিয়াট্রিস ফিন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) শীর্ষ প্রসিকিউটর ড. ফাতৌ বেনসৌদার সঙ্গে বৈঠক করবেন তিনি।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্জ ব্রেন্ডি এবং জিগসাওয়ের সিইও জারেড কোহেনের যৌথ নৈশভোজেও অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শনিবার ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাজ অ্যা সিকিউরিটি থ্রেট’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় যোগ দেবেন এবং রাতে দোহার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সূচি অনুযায়ী, শেখ হাসিনা ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি আবুধাবি সফর করবেন। সংযুক্ত আরব আমিরাতে ১৪তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) অংশ নেওয়ার পাশাপাশি দেশটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

সফরকালে শেখ হাসিনা আল বাহার প্যালেসে ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সাক্ষাত করবেন।

এছাড়া আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমসহ অন্যান্য নেতাদের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় আলোচনা করতে পারেন বলে অনুষ্ঠানসূচিতে উল্লেখ করা হয়েছে।

সেন্ট রেগিস আবুধাবি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ২০ ফেব্রুয়ারি ঢাকা ফিরবেন শেখ হাসিনা।