‘দেবী’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের দাবি
তামাক নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘনের অভিযোগ এনে ‘দেবী’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, প্রজ্ঞাসহ ১৭টি তামাকবিরোধী সংগঠন ও প্রতিষ্ঠান।
রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবির প্রদর্শন বন্ধের দাবি জানায় সংগঠনগুলো।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রুহুল কুদ্দুস বলেন, “ছবিটি দেখলে মনে হয়, যাবতীয় ভালো কাজের পেছনে আছে ধূমপান। ধূমপান করলে মাথা খোলে। এর বাইরে অন্য কিছু নেই।
“তামাকের এই ধরনের উপস্থাপন তামাক নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অবিলম্বে ছবিটির প্রদর্শনী বন্ধ করতে হবে। আর যদি প্রদর্শন করতেই হয়, তাহলে সেটাকে রেকটিফাই করতে হবে।”
গত ১৯ অক্টোবর থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়ে আসছে জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ ছবিটি।
দেবীর প্রদর্শনী বন্ধের দাবি জানানো সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকনোমিক রিসার্চ, এসিডি, ইপসা, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, টিসিআরসি, তাবিনাজ, সুশাসনের জন্য প্রচারাভিযান- সুপ্র, বিটা, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, বিসিসিপি, এইড ফাউন্ডেশন রয়েছে।
সুপ্র সহসভাপতি মঞ্জুরানী প্রামাণিক বলেন, দেবী চলচ্চিত্রে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও এর বিধিমালার এই সুস্পষ্ট নির্দেশনাগুলো মানা হয়নি। শুধু তাই নয়, সরাসরি একটি বহুজাতিক কোম্পানির সিগারেট ব্যবহার করতে দেখানো হয়েছে।
“একই সঙ্গে চলচ্চিত্রটিতে বহুবার ধূমপানের দৃশ্য এবং নিজস্ব মনগড়া সর্তকবাণী ব্যবহার করা হয়। তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ থাকার পরও এবার আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মাছরাঙ্গা স্যাটেলাইট টিভি চ্যানেল ও বায়োস্কোপ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘দেবী’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।”
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫-এর ৫(ঙ) ধারায় ‘বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত সিনেমা, নাটক এবং প্রামাণ্যচিত্রে ধূমপান ও অন্যান্য তামাকজাত পণ্য ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে।’
তবে কাহিনীর প্রয়োজনে এমন কোনো দৃশ্য অন্তর্ভূক্ত করা হলে, সেক্ষেত্রে তামাকজাত দ্রব্য ব্যবহার নিরুৎসাহিতকরণে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১৫ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সতর্কীকরণ বার্তা জুড়ে দেওয়ার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি সোহেল রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে তামাকবিরোধী নারী জোটের (তাবিনাজ) সমন্বয়ক সাইদা আক্তার, ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি মোখলেছুর রহমান, টিসিআরসির সমন্বয়ক বজলুর রহমান ও সুপ্র সমন্বয়ক মো. হাসনাইন বক্তব্য দেন।
