ছয় দাবি নিয়ে রাস্তায় কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা
সঙ্কট জর্জরিত পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টায় কলেজের ফটক থেকে বাহাদুর শাহ পার্ক, লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কে শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়ালে ওই আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে নানা সমস্যায় রয়েছেন তারা। অথচ এদিকে প্রশাসনের কোনো দৃষ্টি নেই। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধনে অংশ নিয়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, প্রত্যেকটা বিভাগে পর্যাপ্ত শিক্ষক নেই, নেই হল সুবিধা। তাছাড়াও একাডেমিক ভবনসহ রয়েছে ক্লাস রুম সংকট।
এসব সমস্যা উত্তরণে ছয় দফা দাবি আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বেলা ১২টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।
কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করে আন্দোলনে নেমেছি। এই আন্দোলন কলেজের সকল শিক্ষার্থীর আন্দোলন। যেকোনো যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকবে।”
এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ এ কে সলিমুল্লাহ খন্দকারকে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তার সাড়া মেলেনি।
