কেরানীগঞ্জে চার কোচিং সেন্টার বন্ধ করল র্যাব
নির্দেশ অমান্য করে চালু রাখায় ঢাকার কেরানীগঞ্জে চারটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করে দিয়েছে র্যাব।
কেরানীগঞ্জে র্যাব-১০ এর ক্যাম্প কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চুনকুটিয়া ও কদমতলী এলাকায় এই অভিযানে কোচিং সেন্টারগুলোকে জরিমানাও করা হয়েছে।
কোচিং সেন্টারগুলো হল- সততা কোচিং সেন্টার, এম আর কোচিং সেন্টার, কনফিডেন্স কোচিং সেন্টার ও পাঠশালা কোচিং সেন্টার।
“অভিযানের সময় কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা গেছে। এম আর ও পাঠশালা কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীরাও ছিল। শনিবারের গণিত পরীক্ষার বিষয়ে ক্লাস নেওয়া হচ্ছিল তাদের।”
প্রশ্ন ফাঁস ঠেকাতে গতবারের মত এবারও মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সময় দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে ২৭ জানুয়ারি থেকে, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে বৃহস্পতিবার এক রিট মামলার রায়ে স্কুল-কলেজের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালে প্রণীত সরকারের নীতিমালা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
এর ফলে কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না। তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন।
