ধর্ষণের অভিযোগে রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার
রাজধানীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে বেসরকারি উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার তরুণীর মামলা দায়েরের পর বুধবার রাতে আল্লাম হোসেন (২২) নামের ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয় বলে ওয়ারী থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন।
“আল্লামকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ওসি।
গ্রেপ্তার আল্লাম উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিএসসি তৃতীয় বর্ষের ছাত্র। আর ধর্ষণের অভিযোগ করা তরুণী গতবছর এসএসসি পাস করে রাজধানীর একটি পলিটেকনিক কলেজে পড়ছেন।
মামলার তথ্য থেকে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে আল্লাম হোসেনের পরিচয় একটি কোচিং সেন্টারে সাত মাস আগে।
তরুণীর অভিযোগ, গত ২৫ জানুয়ারি আল্লাম তাকে কৌশলে তার অভয় দাস লেনের বাসায় নিয়ে ধর্ষণ করেন এবং ধর্ষণের দৃশ্য গোপনে ভিডিও করে রাখেন। সে সময় বাসায় কেউ ছিলনা।
পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আল্লাম তাকে আরও কয়েকবার ধর্ষণ করেন বলে তরুণী অভিযোগ করেছেন।
এক পর্যায়ে তরুণী ঘটনাটি তার মা এবং বিশ্বস্ত এক প্রতিবেশীকে জানান। পরে তিনি বুধবার ওয়ারী থানায় গিয়ে মামলা করেন।
মামলার পরপরই পুলিশ আল্লামকে গ্রেপ্তার করে।
