সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত দিনের সফরে সিঙ্গাপুরের পথে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার রাত ১২টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুর রওনা হন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্ল্যোমাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, তিনবাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
চিকিৎসা শেষে আগামী ১৩ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন আবদুল হামিদ।”
স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় আবদুল হামিদ চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েছেন তিনি।
