২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে ‘আত্মহত্যার’ কথা তামাশাচ্ছলে: সচিব

ট্রেনের টিকেটের বাড়তি মূল্যের কারণ জানতে চাওয়া সাংবাদিককে ‘আত্মহত্যার’ পরামর্শ দিয়ে সমালোচনার মুখে পড়া রেল সচিব মোফাজ্জল হোসেন বলেছেন, অন্যান্য কর্মকর্তারা এ বিষয়ে ওই সাংবাদিকের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় ‘তামাশাচ্ছলে’ তাকে ‘আত্মহত্যার’ কথা বলেছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2019, 10:04 PM

Updated : 10 Oct 2022, 08:54 PM

সময় টেলিভিশনের নাজমুস সালেহী বলছেন, কয়েক দিন ঘুরেও তথ্য না পাওয়ায় বুধবার সচিবের কাছে গেলে তিনি তাকে ‘চিরকুট’ লিখে আত্মহত্যা করতে বলেন।

বিষয়টি নিয়ে ‘সাংবাদিককে আত্মহত্যার পরামর্শ দিলেন সচিব’ শিরোনামে সময় টেলিভিশনের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আরও কয়েকটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ায়ও বিষয়টি আলোচিত হয়।

পরে এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ওই সাংবাদিকের জন্য পরিশ্রম করেছেন।

“আমি এত পরিশ্রম করলাম। একটা নিউজ করতে চায়, কয়দিন ধরে ঘুরেছে। আমি রেলের লোকজনকে দুই তিন দফা ডেকে ডেকে অনুরোধ করে বললাম। সবশেষ এডিজি অপারেশনকে বললাম। তো গতকাল মিয়া জাহানের সঙ্গে ওই রিপোর্টারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, মিয়া জাহান তাকে একটা ইন্টারভিউ দেবেন।

“আমি প্রাইম মিনিস্টারের অফিস থেকে মিটিং শেষে বের হয়ে আসতেছি। ওই সময় তিনি হুঁট করে ঢুকে বলে ‘মিয়া জাহান তো ইন্টারভিউ দেবে না’। আমি বললাম যে, ‘ভাই, এটা নিয়ে যে পরিশ্রম তুমি-আমি করলাম। এতে তো আর কোনো রাস্তা নাই, চলো আমরা গিয়ে আত্মহত্যা করি’।

“আমি বলেছি, এখন তো আর কোনো রাস্তা খোলা নাই। আমি জাস্ট তার সাথে রসিকতা করেছি। আমি সাংবাদিকদের সঙ্গে ওয়াদা করেছি যে, আমার লোকজন যদি ইন্টারভিউ দিতে না চায় কোনো বিষয়ে তাহলে আমি দেব। কিন্তু আমাকে বুঝেসুঝে তো দিতে হবে।

“সে এমন সময় এসে আমাকে প্রেশার সৃষ্টি করেছে যে, আমি তখন ওকে সাপোর্ট দিতে পারছিলাম না। আমি একটা তামাশা করেই বলেছি। এটাকেই একটা ইস্যু করে ফেলেছে।”

সচিব বলেন, রেলের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহানকে সাক্ষাৎকার দিতে তিনিই অনুরোধ করেছিলেন।

সময় টেলিভিশনের খবরেও তা বলা হয়েছে। মিয়া জাহানের সাক্ষাৎকার দিতে না চাওয়ার কথা জানাতেই প্রতিবেদক সচিবের কক্ষে গেলে তিনি তাকে ওই কথা বলেন।

ক্যামেরা ছাড়া ওই সাংবাদিককে সচিব তার কক্ষে যাওয়ার অনুমতি দিয়েছিলেন দাবি করে সেখানে দুজনের আলাপচারিতার একটি অডিও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।

ওই অডিওতে সচিবকে বলতে শোনা যায়, “আপনি এখন আত্মহত্যা করেন। একটা স্টেটমেন্ট লিখে যান যে, রেলের লোকেরা আমার সাথে কথা বলতে চাচ্ছে না- এ মর্মে ঘোষণা দিলাম যে তারা কথা না বলার কারণে আমি আত্মহত্যা করলাম।”

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের কাছ থেকে ‘বাড়তি’ ৬৮ টাকা নেওয়ার কারণ জানতে চাইছিলেন সময় টিভির সাংবাদিক নাজমুস সালেহী।

ওই প্রতিবেদনে বলা হয়, মৈত্রী এক্সপ্রেসে কেবিন ও চেয়ার-এর জন্য টিকেট কিনে ভ্রমণের সুযোগ রয়েছে। এখানে প্রতিটি চেয়ারের জন্য মোট ভাড়া নেওয়া হয় ২৫০০ টাকা।

তবে টিকেটে উল্লেখিত ভাড়ার বিবরণে দেখা যায়, ভাড়া ১৬৮০, ভ্যাট ২৫২ ও ভ্রমণ কর ৫০০ টাকা।

এই তিন খাত মিলিয়ে ২৪৩২ টাকা হলে টিকেটেই পরের ধাপে মোট ভাড়া লেখা ২৫০০ টাকা।

নাজমুস সালেহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়তি ওই টাকা কেন নেওয়া হয় এবং তা কোথায় যায়, তা জানতে রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জবাব না পেয়ে আগে একদিন সচিবের কাছে যান। ওই দিনই তিনি অতিরিক্ত ভাড়ার বিষয়ে জিজ্ঞাসা করতেই ‘রেগে ওঠেন’।

 

“আমি স্টেশন মাস্টারের কাছে গেলাম তিনি বললেন, এ বিষয়ে রেলের মার্কেটিং বিভাগ কথা বলবে। মার্কেটিং বিভাগে গেলে কেউ কথা বলেনি। সেখান থেকে পাঠানো হল ট্রাফিক বিভাগের কাছে। সেখানেও কেউ কথা বলেনি। আমাকে পাঠালেন সচিবের কাছে।

“সচিব গেলেন ক্ষেপে। তিনি বললেন, ‘আপনার এত ইন্টারেস্ট কেন?’ তিনি তারপর রেলের অপারেশন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহানকে ডেকে পাঠান।”

তখন সচিব ও অতিরিক্ত মহাপরিচালক মিলেও কারণ জানাতে না পারেননি তারা।

“পরে মিয়া জাহানকে বলে দেন আমার সঙ্গে কথা বলতে। মিয়া জাহান আমাকে পরদিন দুপুরে সময় দিলে আমি সেখানে যাই। আমি গেলে তিনি বলেন যে ইন্টারভিউ দেবেন না।”

দুদিন ঘুরেও সাক্ষাৎকার নিতে না পেরে মঙ্গলবার তিনি আবার সচিবের কাছে গেলে সচিব আত্মহত্যা করার পরামর্শ দেন।

“আমি সচিবকে বলতে গেলাম ‘দুদিন ধরে স্যার ঘুরলাম। আপনি যাকে বলে দিয়েছেন তিনি কথা বলেননি। এখন আমি কী করব?’ তিনি বললেন, ‘কেউ কথা বলে না আপনার সঙ্গে। আপনি আর কি করবেন, আত্মহত্যা করেন’।”