২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্মশানে গ্রেপ্তার একজন কারাগারে, বাকিরা সংশোধনাগারে

ঢাকার পোস্তগোলা শ্মশানে মৃত এক নবজাতককে মাটির নিচ থেকে তুলে মাথা বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের একজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2019, 08:43 PM

Updated : 18 Aug 2022, 04:49 PM

গ্রেপ্তার বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম।

মঙ্গলবার ভোররাতে শ্মশানঘাটে এই বীভৎস কাণ্ড ঘটানোর সময় ওই পাঁচজনকে ধরে পুলিশে দিয়েছিলেন সেখানে কর্তব্যরত আনসার সদস্য এবং সিটি করপোরেশনের কর্মচারীরা।

গ্রেপ্তার কিশোররা তখন বলেছিলেন, ‘অলৌকিক ক্ষমতার’ অধিকারী হওয়ার আশায় তারা এই তান্ত্রিক সাধনা করছিলেন।

আটকের পর শ্মশানের পক্ষ থেকে পলাশ চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার পাঁচজনকে ঢাকার আদালতে নিয়ে যায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার এসআই মো. আমিরুল ইসলাম তদন্তের স্বার্থে পাঁচজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

তার আবেদনে সায় নিয়ে মহানগর হাকিম আহসান হাবীব আসামিদের মধ্যে রুদ্রকুর্মীকে (১৮) কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য চারজনকে পাঠান সংশোধনাগারে।

শুনানির সময় আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

পুরনো খবর:

‘অলৌকিক শক্তি’র আশায় ৫ কিশোরের বীভৎস কাণ্ড