সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহানের মৃত্যু
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি এ এস এম শাহজাহান মারা গেছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
তার মেয়ে ডা. উজমা সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা পারকিনসনস ডিজিজে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
“বাবার শরীরে সংক্রমণও ছড়িয়ে পড়েছিল। অসুস্থতার কারণে গত ২৬ জানুয়ারি বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে উনি চলে গেলেন।”
১৯৪১ সালে নোয়াখালীর বেগমগঞ্জে জন্ম নেওয়া এ এস এম শাহজাহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি পান। তার পেশাজীবন শুরু হয় রাজশাহী ডিগ্রি কলেজে শিক্ষকতা দিয়ে, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও তিনি চাকরি করেন।
তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৬৬ সালে। সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও- বর্তমানে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার) তার প্রথম কর্মস্থল হয় টাঙ্গাইলে।
১৯৭৬ সালে ঢাকা মহানগর পুলিশ গঠিত হলে শাহজাহান উপ কমিশনারের (হেড কোয়ার্টার্স) দায়িত্ব পান। পরে সিআইডি প্রধান এবং ডিএমপি কমিশনারের দায়িত্বও তিনি পালন করেন।
১৯৯৬ সাল পর্যন্ত ওই দায়িত্বে থাকার পর তিনি সরকারের সচিবের দায়িত্ব পান। এই পুলিশ কর্মকর্তা অবসরে যান ১৯৯৯ সালে।
২০০১ সালের নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, তাতে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পালন করেন শাহজাহান।
পরিবারের সদস্যরা জানান, আগামী শুক্রবার সকাল ৮টায় রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে এ এস এম শাহজাহানের জানাজা হবে। ওইদিনই তাকে বনানী করবস্থানে দাফন করা হবে।
পুলিশের এই সাবেক আইজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এক বিবৃতিতে তিনি এ এসএম শাহজাহানের পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “তার মৃত্যুতে পুলিশ একজন অভিভাবক হারাল।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
