‘প্রত্যাশার চেয়ে বেশি উন্নয়ন করেছে বাংলাদেশ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রত্যাশার চেয়ে বেশি উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন-আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার।
বিশ্ব ব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আইএফসির প্রতিনিধি ওয়ার্নার বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাতে একথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিমানবন্দর, বিমান পরিবহন ও পর্যটনের উন্নয়নে খুবই আন্তরিক। তার নেতৃত্বে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
“কোনো মানুষ এদেশে প্রবেশ করেই দেশের সম্পর্কে ধারণা পান বিমানবন্দরের সেবার মান থেকে। বিমানবন্দরের সেবার মান উন্নত হলে দেশের ভাবমূর্তি বাইরের মানুষের কাছে ভালো হবে।”
ওয়েন্ডি ওয়ার্নার বিমানবন্দরগুলোতে সেবার মান উন্নয়নে আইএফসির সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এজন্য তাকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ক দক্ষিণ এশিয়ার প্রধান মোয়াজ্জাম এ মেখান, সিনিয়র কান্ট্রি অফিসার নুজহাত আনোয়ার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
