আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২৩ ফেব্রুয়ারি
বাংলার চর্চায় ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে অষ্টমবারের মতো বাংলা অলিম্পিয়াড আয়োজন করেছে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ।
আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত উত্তরার ৪ নম্বর সেক্টরে ইংরেজি মাধ্যম ওই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তঃস্কুল এই অলিম্পিয়াড।
সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে(ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে বাংলা অলিম্পিয়াডের বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড সমন্বয়ক কামরুল আহসান বলেন, “আয়োজনে কবিতা আবৃত্তি, সঙ্গীত, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, নৃত্য ও রচনা প্রতিযোগিতায় অংশ নিবে শিক্ষার্থীরা।”
তিনি জানান, এ অলিম্পিয়াডে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত www.banglaolympiad.org ওয়েবসাইটের নিবন্ধন করতে পারবেন। যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৬ ডিসেম্বর থেকে।
প্রতিযোগিতার পর ২ মার্চ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিজয়ীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল হোপ স্কুলের অধ্যক্ষ রোকসানা জারিন বলেন, ”ইংরেজি মাধ্যম স্কুল হলেও মাতৃভাষা বাংলায় যেন শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। শুধু আমাদের স্কুল নয়, সারা দেশের ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুলগুলোকেও বাংলা চর্চায় যুক্ত করতে আমাদের এই আয়োজন।
সংবাদ সম্মেলনে স্কুলের শিক্ষক রকিবুল করিম, শারমিন শবনম, মিজানুর রহমান ও আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
