২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ চুরি নিয়ে সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধী দল জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2019, 09:35 PM

Updated : 18 Aug 2022, 04:48 PM

তিন বছর আগের বিশ্বজুড়ে আলোচিত এই ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশ ব্যাংকের মামলা দায়েরের পর সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে তিনি এই দাবি করেন।

গণমাধ্যমের খবর উদ্ধৃত করে সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, “রিজার্ভ চুরির ঘটনার তিন বছর পর বাংলাদেশ ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্রে মামলা করেছে। ফিলিপাইনের রিজল ব্যাংক দাবি করেছে, এই মামলা ভিত্তিহীন ও পলিটিক্যাল স্ট্যান্ট। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্ত হয়েছিল। এই চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কারও দায় আছে কি না।”

এই পরিস্থিতিতে সার্বিক বিষয়ে তিনি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বিবৃতি দাবি করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপিন্সের রিজল কমার্সিয়াল ব্যাংকে।

ওই অর্থ স্থানীয় মুদ্রা পেসোর আকারে চলে যায় তিনটি ক্যাসিনোতে। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে ফিলিপিন্স সরকার বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিলেও বাকি ছয় কোটি ৬৪ লাখ ডলার উদ্ধার হয়নি।

ওই অর্থ উদ্ধারের আশায় নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে সম্প্রতি একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলা পরিচলানার দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ল ফার্ম কোজেন ও’কনরকে।

আদালতে মামলা করার জন্য ইতোমধ্যে তিন কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পুরনো খবর:

রিজার্ভ চুরি: আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশের মামলা