২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশ-জনতা ঐক্যের’ স্লোগানে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ

‘পুলিশ-জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি’ স্লোগান নিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2019, 11:46 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক প্যারেড পরিদর্শনের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশ সপ্তাহ উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১১টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

২০১৬ ও ২০১৭ সালে পুলিশ সপ্তাহের কুচকাওয়াজের নেতৃত্বে ছিলেন নারী। এক বছর বাদে এবার নেতৃত্ব দেবেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবিদা সুলতানা। তার নেতৃত্বে পরিচালিত কুচকাওয়াজে অংশ নেবেন সহস্রাধিক পুলিশ সদস্য।

এবারের পুলিশ সপ্তাহের সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে পুলিশ পদক। পূর্ববর্তী বছরের কাজের মূল্যায়ন করে এই পদক দেওয়ার বিধান রয়েছে।

সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রায় এক মাসের মধ্যে এই পুলিশ সপ্তাহে এবার ৩৪৯ জনকে পদক দেওয়া হচ্ছে। এর আগে কখনোই রাষ্ট্রীয় এই সংস্থার এত বেশি সংখ্যক সদস্যকে পদক দেওয়া হয়নি। গত বছর ১৮২ জন পদক পেয়েছিলেন। তার আগের বছর ২০১৭ সালে পেয়েছিলেন ১৩২ জন।

গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার কারণে প্রায় প্রতিটি জেলা পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তাদের নাম এই তালিকায় যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসাবে ৪০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা এবং ১৪৩ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা প্রদান করা হবে।

একই সাথে বিপিএম-মরণোত্তর পদক প্রদান করা হবে পরিদর্শক মো. জালাল উদ্দিন ও কনস্টেবল মো. শামীম মিয়াকে। তাদের পরিবারের সদস্যরা এই পদক গ্রহণ করবেন।

পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সাথে কল্যাণ প্যারেডে অংশগ্রহণ করবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, “বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ‘শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে।

“জঙ্গিবাদ দমন ও মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশের ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।”

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, “জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

“দেশের সকল প্রয়োজন ও সঙ্কটকালে বাংলাদেশ পুলিশ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনীর সাফল্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।”

এবারের পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সম্মেলন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আইজি ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড, অস্ত্র- মাদক উদ্ধারে পুরস্কার বিতরণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে কর্মরতদের পুনর্মিলনী, মাঠ পর্যায়ের কর্মকর্তার সাথে পুলিশ মহাপরিদশর্কের সম্মেলন এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা।

আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার আইন-শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভার মধ্য দিয়ে শেষ হবে ২০১৯ সালের পুলিশ সপ্তাহের আয়োজন।