রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে সংসদে প্রস্তাব
সংসদে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে একটি প্রস্তাব তোলা হয়েছে।
রোববার প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ দিতে ওই প্রস্তাব তোলেন।
প্রস্তাবে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. আবদুল হামিদ কর্তৃক ২০১৯ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি অত্র সংসদে প্রদত্ত তাহার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছেন।”
গত ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিন নিয়ম অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি।
চলমান এই অধিবেশনে সংসদ সদস্যরা প্রধান হুইপের আনা প্রস্তাবের ওপর আলোচনা করবেন।
প্রথম দিন প্রস্তাবের ওপর আলোচনা করেন আওয়ামী আলী আশরাফ, শহীদুজ্জামান সরকার, বেনজীর আহমেদ, মেহের আফরোজ চুমকি।
কার্য উপদেষ্টা কমিটি গঠন
পরে স্পিকার দিনের সম্পূরক কর্মসূচিতে একাদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করেন। স্পিকার পদাধিকার বলে এই কমিটির সভাপতি।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ, রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী।
সংসদ অধিবেশনের কার্যাবলী ও মেয়াদ ঠিক করে ‘হাই প্রোফাইল কমিটি’ নামে পরিচিত কার্যউপদেষ্টা কমিটি।
