ধুলায় ধূসর বইমেলা
দুই প্রাঙ্গণের বড় পরিসরে পাঠক-দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর সুযোগ থাকলেও এখনো সেভাবে গুছিয়ে উঠতে পারেনি অমর একুশে বইমেলা।
রোববার তৃতীয় দিনে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ধুলোর উড়োউড়িতে নাকাল হতে হয় বইমেলায় আসা দর্শনার্থীদের।
তবে দুয়েক দিনের মধ্যে মেলা প্রাঙ্গণে ধুলোর উড়োউড়ি থামিয়ে দেওয়া সম্ভব হবে বলে আশার কথা শুনিয়েছেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
দুই দিনের সরকারি ছুটি দিয়ে শুরু হওয়া মেলায় প্রকাশকরা এখনো অপেক্ষায় আছেন পাঠকদের; যেটাকে ‘চমক’ বলছেন তাদের কেউ কেউ।
সময় প্রকাশনের মালিক ফরিদ আহমেদ বলেন, “এবার মেলা প্রথম দুই দিন ছুটি দিয়ে শুরু হয়েছে। সে কারণে মানুষের সমাগমের চমক এখন সেভাবে দেখা যাচ্ছে না। চমকই ৭-৮ তারিখের দিকে শুরু হতে পারে।”
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি বলেন, “আমার মনে হয় ১৩-১৪ তারিখের দিকে মেলা পুরোপুরি দর্শক সমাগমের দিকে যাবে। তখনকার পরিবেশ শেষ পর্যন্ত থাকবে।”
মেলা প্রাঙ্গণে তাদের অনেককে মুখে মাস্ক পরে ঘুরতে দেখা গেছে; মুখে মাস্ক ছিল অনেক স্টলে বসা বিক্রয়কর্মীদেরও।
মেলায় মাস্ক পরে ঘুরতে দেখা যায় স্বামীবাগ থেকে আসা মনোয়ার হোসেনকে। ধুলোর উড়োউড়ি বন্ধে বেশি পরিমাণে পানি ছিটানোর দাবি জানান তিনি।
মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলা বেশ খোলামেলা। সবাই স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন। কিন্তু যে হারে ধুলা উড়ছে, কিছু সময় মাস্ক ছাড়া থাকলেই অসুস্থ হয়ে যেতে পারি।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলা একাডেমির কর্মকর্তা ও মেলার সদস্য সচিব জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় ধুলার উড়োউড়ি কিছুটা আছে, তবে সেটা কমছে। গত দুই দিনের চেয়ে আজকে কম ছিল। আগামীকাল থেকে আর সেভাবে থাকবে না।”
ইটের উপরে বালি থাকার কারণে ধুলার সৃষ্টি হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “ইটের উপরে বালি না দিলে মানুষের হাঁটাচলা করতে কষ্ট হত। আমরা প্রচুর পরিমাণে পানি ছিটাচ্ছি। সে কারণে ধুলা এখন ক্রমহ্রাসমান।”
পাঠক-দর্শনার্থীর সমাগম কিছুটা কম থাকলেও প্রতিদিনই মেলায় আসছে নতুন নতুন বই। মেলা উপলক্ষ করে প্রকাশিত বই যেমন রয়েছে, তেমনি পুরোনো বইগুলো দিয়েও থরেথরে সাজানো হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থার প্যাভিলিন ও স্টল।
রোববার মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে উদ্বোধন করা হয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্যাভিলিয়নের। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী প্যাভিলিয়নের উদ্বোধন করেন।
এ সময় সমিতির সভাপতি ফরিদ আহমেদ, নির্বাহী পরিচালক মনিরুল হকসহ অন্য কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
