২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ৬৬% ভবন নিয়ম বহির্ভূতভাবে তৈরি: পূর্তমন্ত্রী

রাজধানীর ৬৬ শতাংশ ভবনই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউকের) নিয়ম না মেনে নির্মাণ করা হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2019, 07:17 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

২০১৮ সালে রাজউকের একটি জরিপে উঠে আসা তথ্য রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলীর প্রশ্নের জবাবে তিনি বলেন বলেন, “২০১৮ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজউকের আওতাধীন এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় দুই লাখ ৪ হাজার ১০৬টি ভবন জরিপ করা হয়েছে।

“এতে পূর্বনির্মিত এক লাখ ৯৫ হাজার ৩৭৬টি ভবনের মধ্যে এক লাখ ৩১ হাজার ৫৮৩টি (৬৭ দশমিক ৩৫ শতাংশ) ভবনে বিভিন্ন ধরনের ব্যত্যয় পাওয়া গেছে এবং নির্মাণাধীন আট হাজার ৭৩০টি ভবনের মধ্যে তিন হাজার ৩৪২টি (৩৮শতাংশ) ভবনের অনুমোদিত নকশায় ব্যত্যয় পাওয়া গেছে।”

মন্ত্রীর তথ্য মতে, জরিপকৃত ভবনের মধ্যে মোট এক লাখ ৩৪ হাজার ৯২৫টিতে (৬৬ শতাংশ) অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো হয়েছে।

চট্টগ্রামের দিদারুল আলমের প্রশ্নে মন্ত্রী জানান, রাজধানীর শান্তিনগর থেকে ঝিলমিল পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভারটি বাস্তবায়নে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

ফ্লাইওভারটি পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে মন্ত্রী জানান।

প্রাথমিকে ঝড়ে পড়ার হার ১৮.৬০%

নওগাঁর ইসরাফিল আলমের প্রশ্নে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ২০১৮ সালের শুমারি অনুযায়ী প্রাথমিক চক্রে ঝরে পড়ার হার ১৮ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে প্রথম শ্রেণিতে ২ দশমিক দুই শতাংশ, দ্বিতীয় শ্রেণিতে ২ দশমিক আট শতাংশ, তৃতীয় শ্রেণিতে ২ দশমিক নয় শতাংশ, চতুর্থ শ্রেণিতে ৭ দশমিক ছয় শতাংশ ও পঞ্চম শ্রেণিতে ৩ দশমিক তিন শতাংশ।

ফেনীর নিজাম উদ্দিনের প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয়ের শুমারি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী এক কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১০০ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে ৩২ লাখ ৩২ হাজার, ৮৬০ জন, দ্বিতীয় শ্রেণিতে ৩৪ লাখ ৬৫ হাজার ৪৩৬ জন, তৃতীয় শ্রেণিতে ৩৭ লাখ ১৮ হাজার ৭৮৮ জন, চতুর্থ শ্রেণি ৩৮ লাখ ২৫ হাজার ২১৮ জন এবং পঞ্চম শ্রেণিতে ৩০ লাখ ৯৫ হাজার ৭৯৮ জন।

চট্টগ্রামের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জানান, ২০১৯ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ১৫১ জন শিক্ষার্থীর মাঝে ১০ কোটি ৬০ লাখ ৩২ হাজার ৯১২ কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় দুই লাখ ৭৭ হাজার ৬৮ হাজার পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরো জানান, ২০০৯-২০১৮ সাল পর্যন্ত এক লাখ ৭৪ হাজার ৫৯৩ জন সহকারী এবং পাঁচ হাজার ১২৪ জন প্রধান শিক্ষক নিয়োগ করা হয়েছে। আরো ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১৫ মার্চ ২০১৯ সাল থেকে পরীক্ষা শুরু হবে।

৫৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে

চট্টগ্রামের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সংসদ কাজে মন্ত্রী পরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মের হক জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনের পর থেকে এ পর্যন্ত ৫৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যার মধ্যে বিভাগীয় তদন্ত করে ১২ জনকে সাজা দেওয়া হয়েছে। তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান ও ৪৩ জনকে সতর্ক বা অব্যাহতি দেওয়া হয়েছে।