২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুলার গ্যাসের সিলিন্ডার ব্যবহারে সচেতন করতে প্রচারাভিযান

গত কিছু দিনে রাজধানীর কয়েকটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সিলিন্ডার ব্যবহারে মানুষকে সচেতন করতে প্রচারাভিযানে নেমেছে বিস্ফোরক অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 08:19 PM

Updated : 10 Oct 2022, 08:54 PM

বৃহস্পতিবার আগারগাঁওয়ে বস্তি এলাকার মানুষের মাঝে এলপিজি সিলিন্ডারের ব্যবহারবিধি বিতরণ করেন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক শামসুল আলম।

এসময় তিনি বলেন, বাসা-বাড়ি কিংবা হোটেল-রেস্টুরেন্টে সঠিক নিয়মে এলপিজি সিলিন্ডার ব্যবহার করলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব।

শামসুল আলম বলেন, বাজারে যেসব গ্যাস সিলিন্ডার রয়েছে, সেগুলো বিস্ফোরণের ঝুঁকি নেই। দুর্ঘটনা ঘটে গ্যাসের লিকেজ থেকে।

“এলপিজি সিলিন্ডারে গ্যাসের যে চাপ থাকে তার চেয়ে অন্তত চার গুণ বেশি চাপ ধারণ করার ক্ষমতা এই সিলিন্ডারের থাকে। ফলে এর বিস্ফোরণের ঝুঁকি একেবারেই নেই।

Image
গত বছর পাবনায় এক অনুষ্ঠানে এই সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটেছিল (ফাইল ছবি)

গত বছর পাবনায় এক অনুষ্ঠানে এই সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটেছিল (ফাইল ছবি)

“তবুও বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে অনেক দুর্ঘটনার খবর আসে। এর কারণ হচ্ছে- সঠিক নিয়মে এই সিলিন্ডার ব্যবহার না করার ফলে লিকেজের মাধ্যমে গ্যাস বেরিয়ে রান্না ঘরে জমা হয়ে থাকে।”

রান্না শেষে চুলার চাবি বন্ধ করার পর রেগুলেটরের চাবিও বন্ধ করার পরামর্শ দিয়ে শামসুল বলেন, “তা না করলে সেই সুইচ দিয়ে গ্যাস বেরিয়ে কুয়াশার মতো জমে থাকে। তখন সেখানে কেবল বৈদ্যুতিক সুইচের স্ফুলিঙ্গ পেলেও সেখানে আগুন ধরে যেতে পারে। তাই দুটি সুইচ বন্ধ করা উচিৎ।”

আরও সতর্কতা

গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা এড়াতে আরও কয়েকটি পরামর্শ দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর।

>> সিলিন্ডারকে চুলার কাছ থেকে কমপক্ষে ২ মিটার দূরে স্থাপন করা।

>> সিলিন্ডার খাড়াভাবে স্থাপন করা।

>> ঘরে গ্যাসের গন্ধ পাওয়া গেলে দরজা-জানালা খুলে দেওয়া। এই সময় ম্যাচের কাঠি না জ্বালানো, বৈদ্যুতিক সুইচ, মোবাইল ফোন অন/অফ না করা।

>> অতিরিক্ত গ্যাস পাওয়ার আশায় সিলিন্ডারের নিচে তাপ না দেওয়া।

প্রচারের সময় লাউড স্পিকারে এসব সচেতনতামূলক বক্তব্য দেন বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শের আলীসহ অন্যান্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশে বর্তমানে ৬০ লাখের বেশি গ্রাহক এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। বাজারে বসুন্ধরা, যমুনা, বেক্সিমকোসহ মোট ১৭টি কোম্পানির অন্তত দুই কোটি সিলিন্ডার রয়েছে বলে জানিয়েছেন বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।