রাষ্ট্রপতির সঙ্গে নতুন নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নতুন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে নৌবাহিনী প্রধান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় নৌবাহিনী প্রধান তার বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ এসময় দেশে নৌসীমা রক্ষায় নৌবাহিনীর পেশাগত দক্ষতার প্রশংসা এবং সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।
নৌবাহিনী বর্তমানে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন প্রধানের নেতৃত্বে নৌবাহিনী আরও সামনের দিকে এগিয়ে যাবে।
দেশের উন্নয়নে ‘ব্লু ইকোনমিকে’ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি সমুদ্র সম্পদ সংরক্ষণে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
নতুন নৌবাহিনী প্রধান তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা চাইলে আবদুল হামিদ তাকে আশ্বস্ত করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
