আন্তর্জাতিক মাদক চোরাচালানে গ্রেপ্তার ৫ জন রিমান্ডে
আন্তর্জাতিক মাদক চোরাচালানে জড়িত সন্দেহে ঢাকায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
শ্রীলঙ্কায় এক অভিযানে মাদকের বড় চালানসহ তিন বাংলাদেশি আটক হওয়ার পর তাদের সঙ্গে জড়িত সন্দেহে সোমবার ঢাকার কাউলায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নিয়ে বুধবার তাদের ঢাকার আদালতে নিয়ে যান বিমানবন্দর থানার এসআই সুজন ফকির।
তাদের পক্ষে জামিনের আবেদন হলে তা নাকচ করে ঢাকা মহানগর হাকিম দিলদার হোসেন প্রত্যেককে একদিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
এই পাঁচজন হলেন ফাতেমা ইমাম তানিয়া (২৬), আফসানা মিমি (২৩), সালমা সুলতানা (২৬), শেখ মোহাম্মদ বাধন ওরফে পারভেজ (২৮) ও রুহুল আমিন ওরফে সায়মন (২৯)।
গত বছর ৩১ ডিসেম্বর কলম্বোর কাছে দেহিওয়ালা এলাকার এক বাসায় অভিযান চালিয়ে ২৭২ কেজি হেরোইন ও ৫ কেজি কোকেন উদ্ধার করে শ্রীলঙ্কার পুলিশ নারকোটিক ব্যুরো ও স্পেশাল টাস্ক ফোর্স। ওই বাড়ি থেকে মোহাম্মদ জামালউদ্দিন ও দেওয়ান রফিউল ইসলাম নামের দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
তার দুই সপ্তাহ আগে একই এলাকা থেকে ৩২ কেজি হেরোইনসহ সূর্যমণি নামে আরেক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার পুলিশ। ১৫ দিনের মধ্যে এই বিপুল পরিমাণ মাদকসহ তিন বাংলাদেশির ধরা পড়ার ঘটনা আলোড়ন সৃষ্টি করে, তদন্তের কাজে শ্রীলঙ্কার তরফ থেকে বাংলাদেশ সরকারের সহায়তা চাওয়া হয়।
এরপর তদন্তে নেমে ৫ জানুয়ারি উত্তরার এক বাড়ি থেকে চয়েজ রহমান নামে একজনকে গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখনই তদন্তকারীদের সামনে আসে আরিফের নাম।
তবে শ্রীলঙ্কায় এ চক্রের দুজন ধরা পড়ার পরপরই গা ঢাকা দেন আরিফ। র্যাবের ধারণা, এরই মধ্যে তিনি দেশের বাইরে চলে গেছেন।
তারপর বিমানবন্দরের কাছে কাউলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই পাঁচজনকে। তাদের কাছ থেকে ১৯৭০টি ইয়াবা, বেশ কিছু বিদেশি মুদ্রা ও পাসপোর্ট জব্দ করে র্যাব।
