সংসদ ভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
একাদশ সংসদের যাত্রা শুরুর পর সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাতে সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে যান প্রধানমন্ত্রী।
এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতে রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।”
রাষ্ট্রপতি বর্তমান সরকারের সার্বিক সাফল্য কামনা করেন বলেও জানান প্রেস সচিব।
প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।”
শেখ হাসিনা রাষ্ট্রপতির সুস্বাস্থ্যও কামনা করেন।
তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিনকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
নতুন সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সহ হুইপরা উপস্থিত ছিলেন।
