বুড়িগঙ্গার দুই তীরে উচ্ছেদ চলছে
বুড়িগঙ্গার দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ।
বুধবার সকালে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকায় শুরু হওয়া অভিযানে দুপুর পর্যন্ত চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে দুটি বহুতল ভবন।
অভিযানের প্রথমদিন মঙ্গলবার ১৬টি পাকা ভবনসহ ১৬৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, এ অভিযানে নদী দখলের অভিযোগে একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
“ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে মহামান্য হাই কোর্টের নির্দেশনা আছে। এজন্যই আমাদের এ অভিযান। এটা অব্যাহত থাকবে। কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলেও কোনো কাজ হবে না।”
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন জানিয়েছেন, সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত নদীর দুই তীরে ৬০৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবই ভাঙা হবে।
“এসব স্থাপনার মধ্যে ৫৬টি বহুতল ভবন। এগুলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এরমধ্যে ১৬টা ভেঙে ফেলেছি।”
নদীর জমি উদ্ধারের পর এবার স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে জানান আরিফ উদ্দিন।
“আমরা সীমানা চিহ্নিত করে নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করে দিব। ভেতরে গাছ লাগিয়ে দেব, যেন কেউ পুনরায় দখল করতে না পারে।”
অভিযানে সহায়তা দিচ্ছে বিপুল সংখ্যক পুলিশ।
