২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে সন্তুষ্ট ৯৩% মানুষ: জরিপ

একাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশের ৯৩ দশমিক ২৩ শতাংশ মানুষ ‘সন্তুষ্ট’ বলে দাবি করেছে একটি সংগঠন, যারা টেলিফোন জরিপ চালিয়ে এই তথ্য পাওয়ার কথা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 12:50 AM

Updated : 18 Aug 2022, 04:47 PM

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজেদের চালানোর জরিপের ফল তুলে ধরে ‘কলরেডি’ নামে সংগঠনটি।

এর প্রধান গবেষক আবুল হাসনাত মিল্টন জানান, মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে পরিচালিত টেলিফোন জরিপে এক হাজার ৪৭৬ জন ভোটারের মতামত নিয়েছেন তারা।

তিনি বলেন, “জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৩ দশমিক ২৩ শতাংশ (এক হাজার ৩৬৪ জন) ভোটার মনে করেন, নির্বাচন সম্পূর্ণ গ্রহণযোগ্য হয়েছে। ৬ দশমিক ৯৭ শতাংশ মনে করছে, নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।”

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। তারা ও তাদের জোট সঙ্গীরা ৩০০ আসনের ২৮৮টিতে জিতেছে, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জিতেছে মাত্র আটটি আসনে।

জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম গণতান্ত্রিক জোট ভোটের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি তুলেছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের মিত্ররা বলেছে, ভোট ছিল অবাধ ও সুষ্ঠু।

কলরেডি জানায়, তাদের জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এক হাজার ১৭৪ জন এই নির্বাচনে ভোট দিয়েছেন।

৩০০টি আসনের মধ্যে ৫০টি আসন দৈবচয়নের ভিত্তিতে বেছে নিয়ে সেখানকার সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে ১৫ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তারা এই নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত’ বলেছে।

কলরেডির প্রতিবেদন টিআইবির ওই পর্যবেক্ষণের বিপরীত হওয়ায় তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আবুল হাসনাত বলেন, “টিআইবির প্রতিবেদন পরাজিত প্রার্থীদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে।”

টিআইবির গবেষণায় ‘পদ্ধতিগত ভ্রান্তি ছিল’ দাবি করে তিনি বলেন,  ”তারা যে জরিপ করেছে, তার ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের প্রতিষ্ঠানের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলরেডির প্রধান নির্বাহী মোহাম্মদ মোশাররফ হোসেন, সদস্য কাজী আহমেদ পারভেজ এবং আযাদ আবুল কালাম।