রাষ্ট্রপতির সাথে মালয়েশিয়ার বিদায়ী দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার দূত নুর আশিকিন বিনতি মোহাম্মদ তায়িব।
মঙ্গলবার বিকেলে বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
প্রেস সচিব সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সেকারণে বাংলাদেশ মালয়েশিয়ার সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেয়।”
দু’দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, দেশদিুটির বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। উভয় দেশই এলক্ষ্যে সম্ভাবনাময় খাতগুলো ব্যবহার করলে উপকৃত হবে।
আবদুল হামিদ বলেন, মালয়েশিয়া বাংলাদেশ থেকে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরী পোশাক নিতে পারে।
রাষ্ট্রপতি এসময় বাংলাদেশের অবকাঠামো খাত, বিদ্যুৎ-জ্বালানি খাতে মালয়েশিয়াকে বিনিয়োগের আহ্বা্ন জানান।
বিদায়ী দূত এসময় বলেন, দুই দেশের সম্পর্ক দিন দিন সম্প্রারিত হচ্ছে। বাংলাদেশের জনশক্তি মালয়েশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আশা করেন দুই দেশের এই সম্পর্ক দিন দিন আরও সম্প্রসারিত হবে।
