২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা ‘আত্মসাতে’ মিল্কভিটার কর্মকর্তা নজরুল কারাগারে

প্রায় পৌনে তিন কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) বিপণন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 08:01 PM

Updated : 18 Aug 2022, 04:46 PM

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মো. মামুনের মাধ্যমে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিন চান নজরুল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোহাম্মদ আবুল হাসান তার জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে মহানগর হাকিম নিভানা খায়ের জেসি জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোহাম্মদ আবুল হাসান জানান,  মিল্কভিটার জ্যেষ্ঠ কর্মকর্তা (বিপণন) মো. নুরুল ইসলাম, দক্ষ শ্রমিক-২ (বিপণন) মো. নজরুল ইসলাম ও এমপ্লয়ি গ্রেড-৪ জোনের তত্ত্বাবধায়ক (বিপণন) মো. আবু ছায়েদ প্রতিষ্ঠানের গাজীপুর জোনের সব টাকা-পয়সা লেনদেনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০১৩ সালের জুন মাস থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত তারা দুগ্ধ কারখানায় দায়িত্ব পালনকালে লেনদেনে গড়মিল দেখা যায়। এরপর থেকে তাদের নজরদারিতে রাখা হয়। নজরদারিতে সন্দেহ হয় যে,  তারা লেনদেন ঠিকমতো না করে অর্থ আত্মসাৎ করে আসছেন।

পরে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হলে সেই কমিটি তাদের অর্থ আত্মসাতের প্রমাণ পায়। কমিটির মতে, আসামিরা মোট মাসিক সেলস এবং ব্যাংক হিসাব অনুযায়ী ২ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৭৫ টাকা আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় আবু ছায়েদকে মিল্কভিটা থেকে অপসারণ এবং অপর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রতিষ্ঠানের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল হাসান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে রাজধানীর রূপনগর থানায় মামলা দায়ের করেন।

গত বছরের ৫ ফেব্রুয়ারি মামলা দায়েরের পর আসামি নজরুল ইসলাম হাই কোর্ট থেকে গত বছরের ১৩ ফেব্রুয়ারি ছয় সপ্তাহের জন্য জামিন পান। তবে নির্ধারিত সময় পরও তিনি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারিক আদালতে আত্মসমর্পণ করেননি।

মামলার অপর দুই আসামি নুরুল ইসলাম হাই কোর্ট থেকে এবং আবু ছায়েদ ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন নিয়েছেন।