তাহখানা গড়ে হবে জাদুঘর
চাঁপাইনবাবগঞ্জের মুঘল নিদর্শন তাহখানা গড়ে জাদুঘর নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মঙ্গলবার প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিদর্শনে গেলে মহাপরিচালক আলতাফ হোসেন তার সামনে এই পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, “তাহখানা গড়ে এখন প্রচুর জনসমাগম হচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেখানে একটি জাদুঘর নির্মাণ করে মুঘল স্থাপত্যগুলো নিদর্শন করতে পারবে।”
মুঘল সম্রাট শাহজাহানের ছেলে যুবরাজ শাহ সুজা বাংলার সুবেদার থাকা কালে ( ১৬৩৯-১৬৫৯) শিবগঞ্জ উপজেলার ফিরোজপুর এলাকায় তিনতলা একটি অবকাশ ভবন নির্মাণ করেন। প্রচণ্ড গরমেও ঠাণ্ডা রাখার ব্যবস্থা ছিল বলে ভবনটিকে বলা হয় তাহখানা। ফার্সি শব্দ তাহখানার অর্থ ‘শীতল ঘর’।
ছোট সোনামসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে দাফেউল বালা দীঘির পশ্চিম পাড়ে ওই অবকাঠামোর এক তলা ভূগর্ভে, অন্য দুটি তলা মাটির উপরে। এর মধ্যে তৃতীয় তলাটি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত।
তাহখানার মূল ভবনে ছিল চারটি বুরুজ; পূর্ব প্রান্তে পুকুর পাড়ের দিকে মাটির নিচে পাঁচটি ঘর আর উপর তলায় ছিল ১৩টি ঘর। ভবনের দক্ষিণ পাশের হাম্মামখানায় পানি আসত অষ্টভুজাকৃতির একটি চৌবাচ্চার মাধ্যমে পুকুর থেকে। উত্তর দিকে ছিল একটি উন্মুক্ত কক্ষ, যেটি অষ্টভুজাকৃতির একটি কক্ষের সঙ্গে যুক্ত।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, এই পুরাকীর্তিকে একটি জাদুঘরে রূপান্তর করার জন্য নকশা চূড়ান্ত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। উত্তর দক্ষিণে ১১৬ ফুট দীর্ঘ এবং প্রায় ৩৮ ফুট প্রশস্ত ওই প্রসাদের ছাদ চুন-সুরকির ঢালাই দিয়ে মজবুত করা হয়েছে।
তিনি বলেন, “পূর্ত মন্ত্রণালয়ের সহযোগিতা পেলে আগামী তিন মাসের মধ্যে নকশা বাস্তবায়নের কাজ চূড়ান্ত করতে হবে।”
পাশাপাশি যশোরের কেশবপুর উপজেলার গৌড়িঘোনা গ্রামের ভরত ভায়না বৌদ্ধমন্দির, যশোরের মির্জা নগরের হাম্মামখানা, মুন্সীগঞ্জের ইদ্রাকপুর দুর্গ, ফরিদপুরের গাজনা ইউনিয়নের মথুরাপুর দেউল সংস্কারের কাজে গতি আনতে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রত্নতাত্ত্বিক নির্দেশন মুড়াপাড়া জমিদারবাড়ির সংস্কার করতে গিয়ে স্থানীয় রাজনীতিকদের বাধার মুখে পড়ার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা। জবাবে প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানান।
রাজধানীর উত্তরা ও পূর্বাচলে সাংস্কৃতিক অবকাঠামো গড়ে তোলার জন্য সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের এ আমলেই জমি বরাদ্দ করে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।
